কেপ ভার্দের প্রতিরোধ ভেঙে আর্জেন্টিনার জয়, মৌলভীবাজারে সমর্থকদের উল্লাস
প্রকাশিত হয়েছে : ৪ জুলাই ২০২৬, ৫:৩৯ অপরাহ্ণ

ছবি: পূর্বদিক
মৌলভীবাজার প্রতিনিধি: ফিফা বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করতে নাটকীয় এক লড়াইয়ে কেপ ভার্দের দুর্দান্ত প্রতিরোধ ভেঙে জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। রুদ্ধশ্বাস এই ম্যাচে অতিরিক্ত সময়ে ৩-২ গোলের জয় তুলে নেয় লিওনেল মেসির দল।
ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। প্রথমার্ধে লিওনেল মেসির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। তবে দ্বিতীয়ার্ধে দারুণ প্রত্যাবর্তন করে সমতায় ফেরে কেপ ভার্দে। নির্ধারিত সময় শেষে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে দুই দলই পাল্টাপাল্টি গোল করে উত্তেজনা আরও বাড়িয়ে তোলে। শেষ পর্যন্ত কর্নার থেকে তৈরি হওয়া সুযোগ কাজে লাগিয়ে নির্ণায়ক গোল করে আর্জেন্টিনা, নিশ্চিত করে শেষ ষোলোয় নিজেদের জায়গা।
বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েই কেপ ভার্দে যে দৃঢ় প্রতিরোধ গড়ে তুলেছে, তা ফুটবলপ্রেমীদের প্রশংসা কুড়িয়েছে। তুলনামূলক অনভিজ্ঞ দল হয়েও তারা শক্তিশালী আর্জেন্টিনাকে দীর্ঘ সময় চাপে রেখেছিল।
আর্জেন্টিনার এই জয়ের খবর ছড়িয়ে পড়তেই দেশের বিভিন্ন স্থানের মতো মৌলভীবাজার শহরেও শুরু হয় আনন্দ-উল্লাস।
শনিবার (৪ জুলাই) সকাল ৭টার দিকে শহরের চৌমুহনা চত্বরে জড়ো হতে শুরু করেন শতাধিক আর্জেন্টিনা সমর্থক। অল্প সময়ের মধ্যেই সেখানে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। গাড়ি ও মোটরসাইকেলের হর্ন, ভুভুজেলার শব্দ এবং সমর্থকদের উচ্ছ্বাসধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
সমর্থকদের ভাষ্য, ম্যাচটি ছিল স্নায়ুচাপের। তবে শেষ পর্যন্ত জয়ই সবচেয়ে বড় অর্জন।
স্থানীয় সমর্থক জোবায়ের ইসলাম বলেন, “কেপ ভার্দে মোটেও সহজ প্রতিপক্ষ ছিল না। তবে চ্যাম্পিয়ন দল হিসেবে আর্জেন্টিনা শেষ পর্যন্ত জয়ের পথ খুঁজে নিয়েছে।”
কলেজ শিক্ষার্থী সায়ন সৌমিক বলেন, “মেসি মাঠে থাকলে আশা কখনো শেষ হয় না। আজও তিনি সেটাই প্রমাণ করেছেন।”
আরেক সমর্থক মো. রশিদ বলেন, “কেপ ভার্দে ছোট দল হলেও তারা অসাধারণ লড়াই করেছে। তবে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন দল, তারা চাপ সামলে জয় তুলে নিতে জানে।”
এই জয়ের মধ্য দিয়ে শিরোপা ধরে রাখার স্বপ্নে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। আর সেই আনন্দে শামিল হয়ে মৌলভীবাজারের সমর্থকরাও উদযাপন করেছেন তাদের প্রিয় দলের গুরুত্বপূর্ণ এই জয়।
পূর্বদিক/এসএ





