শ্রীমঙ্গলে র্যাবের অভিযানে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ৪ জুলাই ২০২৬, ৫:৪১ অপরাহ্ণ

ছবি: পূর্বদিক
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৯। এ সময় তাদের কাছ থেকে অনলাইনে জুয়া খেলার কাজে ব্যবহৃত চারটি স্মার্টফোন জব্দ করা হয়।
র্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গলের একটি আভিযানিক দল গত বৃহস্পতিবার (৩ জুলাই) রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটে শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের দক্ষিণ টিকরিয়া গ্রামের একটি ভূষিমালের দোকানে অভিযান পরিচালনা করে। এর আগে রাত ১০টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, ওই দোকানের ভেতরে কয়েকজন ব্যক্তি মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে জুয়া খেলছেন।
অভিযান পরিচালনার সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা অনলাইনে জুয়া খেলার উদ্দেশ্যে সেখানে অবস্থান করার কথা স্বীকার করেন। তাদের কাছ থেকে জুয়া খেলার কাজে ব্যবহৃত চারটি স্মার্টফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, দক্ষিণ টিকরিয়া গ্রামের মো. ইলিয়াস মিয়া (২৬), মো. জাফর আলী (২৫), মো. মাহফুজ আহম্মেদ রাফিন (২৬) এবং মো. জাহিদ মিয়া (৩৮)।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছেন যে, তারা পরস্পরের যোগসাজশে মোবাইল ডিভাইসে ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন অ্যাপের মাধ্যমে অনলাইনে জুয়া খেলছিলেন। জব্দ করা মোবাইল ফোনগুলো পরীক্ষা করে অনলাইন জুয়া খেলার বিভিন্ন আলামতও পাওয়া গেছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাদের এবং জব্দ করা আলামত শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা নজরদারি ও সন্ত্রাস, মাদক এবং অনলাইন অপরাধবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পূর্বদিক/এসএ





