চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭ বছর পূর্তিতে ‘বৈচিত্র্যের উৎসব’
প্রকাশিত হয়েছে : 3 October 2026, 12:07 am

ছবি: পূর্বদিক
চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘বৈচিত্র্যের উৎসব’। শুক্রবার (২ অক্টোবর) বিকেলে পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এ উৎসবের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ও হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এস এম ফয়সল। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ।
চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সালেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী, সাংবাদিক, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি চুনারুঘাট উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন অঙ্গনের ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এ সময় চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী, চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জহির উদ্দিন স্বপন বলেন, চুনারুঘাটের সাহিত্য ও সংস্কৃতির উন্নয়নে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, সাংবাদিক সালেহ আমাদের প্রিয় মানুষ। তাঁর সংস্কৃতিচর্চার উদ্যোগকে আমরা ধন্যবাদ জানাই।
পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, অল্প আয়োজনের মধ্যেও সুস্থ ও সুন্দর সাংস্কৃতিক চর্চার যে চিত্র দেখা গেছে, তা সারা দেশের জন্য একটি মডেল হতে পারে। এ বিষয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতি তিনি আহ্বান জানান। একই সঙ্গে চুনারুঘাটের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
‘শিল্প-সংস্কৃতি-সংগ্রাম আমাদের মুক্তির অভিযাত্রা’ স্লোগানকে ধারণ করে দীর্ঘ ৩৭ বছর ধরে চুনারুঘাটে সাহিত্য ও সংস্কৃতির বিকাশে কাজ করে আসছে চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ। সংগঠনটির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী স্মরণীয় করে রাখতে পাহাড়, সমতল ও ইতিহাস-ঐতিহ্যসমৃদ্ধ চুনারুঘাটের বহুমাত্রিক সংস্কৃতিকে তুলে ধরতে আয়োজন করা হয় ‘বৈচিত্র্যের উৎসব’।
দুই দিনব্যাপী এ উৎসবকে ঘিরে চুনারুঘাটে সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যের এক প্রাণবন্ত মিলনমেলার সৃষ্টি হয়। বিভিন্ন আয়োজন ও সাংস্কৃতিক পরিবেশনায় স্থানীয় মানুষের ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে পুরো এলাকা।
পূর্বদিক/এসএ





