খাগড়াছড়ি সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক জব্দ
প্রকাশিত হয়েছে : 2 October 2026, 6:07 pm

ছবি: পূর্বদিক
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি সীমান্তে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড তাজা গুলি, ভারতীয় মদ, গাঁজা ও সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব মালামালের মোট সিজার মূল্য ২ লাখ ৬১ হাজার ২৫০ টাকা।
বিজিবি জানায়, বুধবার (১ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সীমান্ত পিলার ২৬২/২৬-এস-এর কাছাকাছি এলাকা দিয়ে বিদেশি অস্ত্র ও ভারতীয় মাদক পাচার হতে পারে। এর পরিপ্রেক্ষিতে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহারিয়ার রাজীবের সার্বিক দিকনির্দেশনায় সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে।
টহল দলটি মনোরমের টিলা টিওবি থেকে আনুমানিক দেড় কিলোমিটার পশ্চিমে এবং সীমান্ত পিলার ২৬২/২৬-এস বরাবর প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জানমারাটিলা ডাউন এলাকায় যায়। এ সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা দূর থেকে দৌড়ে পাহাড়ি জঙ্গলের ভেতর পালিয়ে যায়।
পরে বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ১টা ৪৫ মিনিটে টহল দল জানমারাটিলা ডাউন এলাকায় তল্লাশি চালিয়ে পাঁচটি বস্তা পরিত্যক্ত অবস্থায় জব্দ করে। বস্তাগুলো তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন, পাঁচ রাউন্ড তাজা গুলি, ৩১ বোতল ভারতীয় বিভিন্ন ধরনের মদ, ৪ দশমিক ৩ কেজি গাঁজা এবং ভারতীয় ‘মনো’ ব্র্যান্ডের ৪৭ কার্টন (৪৭০ প্যাকেট) সিগারেট পাওয়া যায়।
বিজিবির তথ্যমতে, জব্দ করা বিদেশি পিস্তল ও ম্যাগাজিনের সিজার মূল্য ১ লাখ টাকা, পাঁচ রাউন্ড গুলির ১ হাজার টাকা, ৩১ বোতল ভারতীয় মদের ৪৬ হাজার ৫০০ টাকা, ৪ দশমিক ৩ কেজি গাঁজার ১৫ হাজার ৫০ টাকা এবং ৪৭ কার্টন ভারতীয় সিগারেটের সিজার মূল্য ৯৮ হাজার ৭০০ টাকা।
জব্দ করা মালামালের মোট সিজার মূল্য ২ লাখ ৬১ হাজার ২৫০ টাকা।
খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহারিয়ার রাজীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দ করা মালামালের বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
পূর্বদিক/এসএ





