নেত্রকোনায় মগড়া নদী পূনরুজ্জীবন প্রকল্পের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : 14 November 2026, 11:16 pm

ছবি: পূর্বদিক
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনা মগড়া নদী পূনরুজ্জীবন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নেত্রকোনার বাস্তবায়নে শনিবার নেত্রকোনা জেলা শহরের নাগড়ায় জেলা পরিষদ কার্যালয়ের পেছনে মগড়া নদীর পাড়ে এ প্রকল্পের উদ্বোধন করা হয়।
নেত্রকোনা- ২ (নেত্রকোনা সদর- বারহাট্টা) আসনের এমপি ডা. মো. আনোয়ারুল হক প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নূরজ্জামান নূরু, পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এ কে এম আবদুল্লাহ বিন রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদুজ্জামান, নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিজা খাতুন, নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার, নেত্রকোনা সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ফারাস সেন্টু প্রমুখ।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নেত্রকোনা প্রকল্পটি বাস্তবায়ন করছে। মগড়া নদীকে পূনরুজ্জীবিত করার এ উদ্যোগ নদীটির পূনরুদ্ধার ও এলাকার পরিবেশগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
নেত্রকোনা- ২ (নেত্রকোনা সদর- বারহাট্টা) আসনের এমপি ডা. মো. আনোয়ারুল হক বলেন, নদীর তীরে অনেক অবৈধ স্থাপনা নির্মিত হয়েছে। মগড়া নদী দখলমুক্ত এবং পূনরুদ্ধার করতে বাধা আসবে। সকল বাধা উপেক্ষা করে মগড়াকে দখল মুক্ত করা হবে।





