অজ্ঞাতনামা আরও ১৫ জনের বিরুদ্ধে মামলা
শ্রীমঙ্গলে ছাত্রশক্তির নেতার ওপর হামলা, প্রধান আসামি সাবেক ছাত্রলীগ নেতা
প্রকাশিত হয়েছে : 11 November 2026, 4:26 pm

মামলার প্রধান আসামি হাবিবুর রহমান
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্ত্রীকে নিয়ে বেড়াতে গিয়ে হামলার শিকার হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলাম। এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমানকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১৫ জনকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক প্রীতম দাশ বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় মামলাটি করেন।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার রাধানগর এলাকার বালিশিরা রিসোর্টের সামনে এ হামলার ঘটনা ঘটে। হাসিব আল ইসলাম স্ত্রীকে নিয়ে সেখানে বেড়াতে গিয়েছিলেন। এ সময় এজাহারে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মী হিসেবে উল্লেখ করা হাবিবুর রহমান ওরফে হাবিব (২৬) এবং অজ্ঞাতনামা আরও ১৫ জন দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের পথরোধ করেন বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে বলা হয়, হামলাকারীরা হাসিব আল ইসলামকে ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে গালিগালাজ করেন। একপর্যায়ে তাঁকে হত্যার উদ্দেশ্যে লোহার রড ও চাপাতি দিয়ে আঘাত করেন। এতে তিনি আহত হন। পরে তাঁকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
ঘটনার পর মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এনসিপির যুগ্ম আহ্বায়ক প্রীতম দাশের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শ্রীমঙ্গল থানায় গিয়ে লিখিত অভিযোগ দেয়। পরে অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর মঙ্গলবার রাতেই মামলাটি রেকর্ড করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।





