মাভাবিপ্রবি ও এআইটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
প্রকাশিত হয়েছে : 11 November 2026, 4:28 pm

ছবি: পূর্বদিক
মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) সঙ্গে এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির (এআইটি) শিক্ষা, গবেষণা ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) বেলা ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের সভাকক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম এবং এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির (এআইটি) প্রেসিডেন্ট অধ্যাপক পাই-চি লি (Pai-Chi Li) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. আনিছুর রহমান, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার ও গবেষণা সেলের পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া এআইটি এক্সটেনশনের নির্বাহী পরিচালক মি. ভোরাভাতে চনলাসিন (Voravate Chonlasin) এবং সিনিয়র প্রোগ্রাম অফিসার মি. এসকে শাহিন হোসেন উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারকের আওতায় মাভাবিপ্রবির শিক্ষকদের পিএইচডি পর্যায়ে উচ্চশিক্ষার সুযোগ, বৃত্তি ও ফেলোশিপ প্রদান, যৌথ তত্ত্বাবধানে গবেষণা এবং যৌথভাবে গবেষণাপত্র প্রকাশের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি যৌথ ব্যাচেলর ও মাস্টার্স ডিগ্রি প্রোগ্রাম চালু, শিক্ষার্থী বিনিময় এবং ক্রেডিট ট্রান্সফারের সুযোগও তৈরি হবে।
এ ছাড়া দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি যৌথ গবেষণা কেন্দ্র (জয়েন্ট রিসার্চ সেন্টার) প্রতিষ্ঠার সম্ভাবনা রয়েছে। এর মাধ্যমে যৌথ গবেষণা পরিচালনা, আন্তর্জাতিক গবেষণা অনুদান সংগ্রহ এবং আন্তর্জাতিক সম্মেলন, সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের সুযোগ সৃষ্টি হবে।
সমঝোতা স্মারকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, ইন্টারনেট অব থিংস (আইওটি), সাইবার নিরাপত্তা, ডেটা সায়েন্স, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ারিংসহ আধুনিক প্রকৌশল প্রযুক্তির বিভিন্ন সম্ভাবনাময় গবেষণাক্ষেত্রকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
চুক্তি অনুযায়ী, মাভাবিপ্রবির অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ড. মো. ফজলুল করিম (শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক) এবং এআইটির ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক ড. সুমনা শ্রেষ্ঠা যৌথভাবে এ কার্যক্রম পরিচালনা করবেন।
উল্লেখ্য, এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (এআইটি) এশিয়ার একটি আন্তর্জাতিক উচ্চশিক্ষা ও গবেষণাপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির সঙ্গে এ সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে মাভাবিপ্রবির শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিকীকরণ প্রক্রিয়া এবং বৈশ্বিক শিক্ষা ও গবেষণা নেটওয়ার্কে সম্পৃক্ততা আরও জোরদার হবে।





