শ্রীমঙ্গলে হাসিবের ওপর চাপাতি দিয়ে হামলা, ফেসবুকে ভিডিও ভাইরাল
প্রকাশিত হয়েছে : 11 November 2026, 12:11 am

ছবি: ভিডিও থেকে নেওয়া
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর চাপাতি দিয়ে হামলার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার রাধানগর এলাকার বালিশিরা রিসোর্টের সামনে এ ঘটনা ঘটে। হামলার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে তাৎক্ষণিকভাবে হামলাকারীর পরিচয় জানা যায়নি।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বালিশিরা রিসোর্টের সামনের সড়কে ব্যাটারিচালিত অটোরিকশায় করে যাচ্ছিলেন হাসিব আল ইসলাম ও এক তরুণী। এ সময় ভিডিও ধারণকারী এক ব্যক্তি হাসিবকে উদ্দেশ্য করে গালাগাল ও আপত্তিকর মন্তব্য করতে থাকেন।
অটোরিকশাটি থামার পর ওই ব্যক্তি হাসিবের সঙ্গে হাত মেলান এবং আবারও তাঁকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। একপর্যায়ে হঠাৎ তাঁর ওপর ঝাঁপিয়ে পড়েন। এ সময় হাসিব অটোরিকশা থেকে নেমে দৌড়ে পালিয়ে যান। ভিডিওর শেষাংশে মাটিতে পড়া ছায়ায় হামলাকারীর হাতে চাপাতিসদৃশ অস্ত্র দেখা যাওয়ার ইঙ্গিত পাওয়া যায়।
বালিশিরা রিসোর্টের এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, তিন দিন আগে হাসিব আল ইসলাম ওই রিসোর্টে ওঠেন। মঙ্গলবার চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে তিনি ও তাঁর সঙ্গে থাকা তরুণী রিসোর্ট থেকে বের হয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় ওঠেন। কিছু দূর যাওয়ার পর এক ব্যক্তি চাপাতি নিয়ে তাঁদের ওপর হামলা চালান। এ সময় হাসিব দৌড়ে আবার রিসোর্টে ফিরে আসেন। পরে তাঁর হাতে ক্ষত দেখতে পেয়ে রিসোর্ট কর্তৃপক্ষ ব্যান্ডেজ করে রক্তপাত বন্ধের চেষ্টা করে। কিছুক্ষণ পর তাঁরা আবার অটোরিকশায় করে রেলস্টেশনের দিকে রওনা হন।
এ বিষয়ে বক্তব্য জানতে হাসিব আল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।
জাতীয় ছাত্রশক্তি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন। এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক প্রীতম দাসের বাড়ি শ্রীমঙ্গলে। তিনি বিকেলে মুঠোফোনে বলেন, ঘটনার পর হাসিব ট্রেনে করে কুমিল্লায় যাচ্ছেন। সেখান থেকে তিনি আবার শ্রীমঙ্গলে ফিরবেন। তিনি ফিরে এলে শ্রীমঙ্গল থানায় মামলা করাসহ পরবর্তী কর্মসূচি গ্রহণ করা হবে।
হাসিবের ওপর হামলার জন্য নিষিদ্ধ ছাত্রলীগকে দায়ী করেন প্রীতম দাস। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের ইনচার্জ কামরুল হোসেন চৌধুরী বলেন, এ ধরনের একটি ঘটনার কথা তিনি শুনেছেন। তবে এ বিষয়ে তাঁদের কাছে কেউ অভিযোগ করেননি। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।





