করিমগঞ্জে প্রধান শিক্ষকের অশ্রুসিক্ত বিদায় সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : 16 November 2026, 8:37 pm

ছবি: পূর্বদিক
কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নের মদন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলামের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বিদায়বেলায় সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের অনেকেই অশ্রুসিক্ত হয়ে পড়েন।
রোববার (১৫ নভেম্বর) দুপুর ২টায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. হাবিবুজ্জামান। প্রধান অতিথি ছিলেন করিমগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবুল বাশার মৃধা।
অনুষ্ঠানে বক্তব্য দেন উরদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশনারা নাজমা, পশ্চিম ভাটিগাংগাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম কাজল, সহকারী শিক্ষক মো. রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক আমিনুল ইসলাম, আশরাফুল ইসলাম, হেদায়েত উল্লাহ, সহকারী শিক্ষিকা শারমিন আক্তার, গুণধর ইউনিয়ন বিএনপির সহসভাপতি মুখছেদুল মমিন সবুজ,জুনায়েদ কবির এবং গুণধর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আহমেদ নূর।
এ ছাড়া বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, বিদায়ী শিক্ষকের পরিবারের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বক্তারা তাঁদের বক্তব্যে শিক্ষকতা জীবনে সিরাজুল ইসলামের দায়িত্ববোধ, আন্তরিকতা ও শিক্ষার মানোন্নয়নে অবদানের কথা স্মরণ করেন।
আলোচনা ও স্মৃতিচারণ শেষে বিদায়ী প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলামকে বিভিন্ন উপহারসামগ্রী প্রদান করা হয়।
জানা গেছে, ২০১০ সাল থেকে মদন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন সিরাজুল ইসলাম। দীর্ঘ কর্মজীবনে তাঁর দক্ষতা, নিষ্ঠা ও আন্তরিকতায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উন্নয়নের পাশাপাশি বিদ্যালয়ের পরিবেশকে সুন্দর ও সুশৃঙ্খল করতে ভূমিকা রাখেন। তাঁর কর্মদক্ষতা ও অবদানের জন্য স্থানীয় বাসিন্দা এবং উপজেলা শিক্ষা অফিসের পক্ষ থেকেও প্রশংসা করা হয়।





