সিলেটে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম
প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক শাবি ছাত্রলীগের
প্রকাশিত হয়েছে : 25 September 2014, 7:59 am
সিলেট অফিস ::
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। ছাত্রলীগ নেতা উত্তম কুমার দাসকে (৩০) কুপিয়ে গুরুতর জখমের প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দেয় সংগঠনটি।
রাত সাড়ে ১১টায় শাবিপ্রবি ছাত্রলীগের সহ-সভাপতি অঞ্জন রায় এ ঘোষণা দেন।
আহত উত্তম কুমার শাবির সমাজকর্ম বিভাগের মাস্টার্সের ছাত্র। তিনি মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও শাবি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন। তিনি সিলেট নগরীর শেখঘাট এলাকার বাসিন্দা অলক কুমার দাসের ছেলে।
২৪ সেপ্টেম্বর বুধবার রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন মা-মনি রেস্টুরেন্টের সামনে ছাত্রলীগ নেতা উত্তম কুমারের ওপর হামলা চালিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।
গুরুতর অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে অবস্থার অবনতি হলে রাত ২টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে ঢাকার পঙ্গু হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা হয় পরিবারের লোকজন।
এদিকে, এ ঘটনার প্রতিবাদে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে ছাত্রলীগ নেতাকর্মীরা। প্রায় ঘণ্টাব্যাপী চলা অবরোধের সময় রাস্তার দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় তারা বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করে।
পরে স্থানীয় প্রশাসন ও আওয়ামী লীগ নেতাদের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধ ছাত্রলীগ কর্মীরা।







