হামের চিকিৎসা ও মার্কিন চুক্তি বাতিল দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ২০ মে ২০২৬, ৯:১৪ পূর্বাহ্ণ

ছবি: পূর্বদিক
মৌলভীবাজার প্রতিনিধি: “হামে আক্রান্ত শিশুদের চিকিৎসা নিশ্চিত করো, সংক্রমণ রোধ করো, দায়ীদের শাস্তি দাও, সকল নাগরিকের রাষ্ট্রকর্তৃক চিকিৎসা নিশ্চিত করো” এবং “জনগণের স্বার্থবিরোধী মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করো, সাম্রাজ্যবাদী আগ্রাসন রুখো” এই দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদ ও যুব ইউনিয়ন মৌলভীবাজার জেলা কমিটি।
মঙ্গলবার বিকেল ৪টায় মৌলভীবাজার চৌমুহনা এলাকায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
যুব ইউনিয়ন মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি ও আয়কর আইনজীবী আবুরেজা সিদ্দিকী ইমনের সভাপতিত্বে এবং ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি জ্যোতিষ মোহন্তের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুক মিয়া, উদীচী শিল্পীগোষ্ঠী মৌলভীবাজার জেলা শাখার সভাপতি জহরলাল দত্ত, যুব ইউনিয়ন নেতা অ্যাডভোকেট আবুল হায়দার তারিক, ছাত্রনেতা মৌন দাশসহ অনেকে।
বক্তারা বলেন, দেশে হামের সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে। আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা এবং সংক্রমণ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। একই সঙ্গে জনগণের স্বার্থবিরোধী যেকোনো আন্তর্জাতিক চুক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে অবস্থান নেওয়ার আহ্বান জানান তারা।
পূর্বদিক/এসএ






