শ্রীমঙ্গলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
প্রকাশিত হয়েছে : 28 September 2026, 8:35 pm

ছবি: পূর্বদিক
শ্রীমঙ্গল প্রতিনিধি: ‘শ্রীমঙ্গলের ডিজিটাল যুগের সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’ প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে দিবসটি উপলক্ষে সচেতন নাগরিক কমিটি (সনাক), শ্রীমঙ্গলের উদ্যোগে মৌলভীবাজার রোডে প্রাইম ব্যাংকের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সনাকের শ্রীমঙ্গল কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সনাকের সহসভাপতি কাজী আছমা আক্তার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন সনাকের সাবেক সভাপতি দ্বীপেন্দ্র চন্দ্র ভট্টাচার্য্য, সনাক সদস্য জিডিসন প্রধান সুছিয়াং, এসিজি সদস্য রুয়েল খান আশরাফুল, ফুয়াদ হোসেন চৌধুরী, জাহেদ হাসান, ইমন গোস্বামীসহ ইয়েস সদস্যরা।
সভায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) প্রণীত ধারণাপত্র পাঠ করেন ইয়েস সদস্য খাদিজা আক্তার সুমি।
আলোচনা সভায় বক্তারা বলেন, তথ্য অধিকার আইন কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমে নাগরিকদের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ডিজিটাল যুগে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য উপস্থাপনের পাশাপাশি অপতথ্য ও গুজব প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে।
তারা আরও বলেন, ভুল ও বিভ্রান্তিকর তথ্যের মাধ্যমে যাতে গুজব ছড়িয়ে না পড়ে, সে বিষয়ে নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সঠিক তথ্য নিশ্চিত করে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা।
পূর্বদিক/এসএ





