কমলগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু
প্রকাশিত হয়েছে : 29 September 2026, 5:53 pm

রাকিবুল ইসলাম
কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রাকিবুল ইসলাম (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত ৩টা ২০ মিনিটে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত রাকিবুল ইসলাম হবিগঞ্জ শহরের শায়েস্তানগর পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং ওই এলাকার জামাল হোসেন ভূইয়ার ছেলে। তিনি কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারে ‘নাবা ডিজিটাল সাইন’-এর স্বত্বাধিকারী ছিলেন।
নিহতের চাচাতো ভাই সোহেল মিয়া জানান, কয়েক দিন ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিলেন রাকিবুল। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার আরও অবনতি হলে তাঁকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাত ৩টা ২০ মিনিটে তাঁর মৃত্যু হয়।
ভানুগাছ বাজারের ব্যবসায়ী রাজন আবেদীন রাজু বলেন, রাকিবুল ইসলাম ছিলেন মিশুক, সদালাপী ও পরিশ্রমী। ব্যবসার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে ভানুগাছ বাজার ও শায়েস্তানগর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাকুর আহমেদ বলেন, ‘সিলেটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হওয়ায় হয়তো বিষয়টি আমাকে জানানো হয়নি। তিনি আমার হাসপাতালে চিকিৎসা নিলে বিষয়টি জানতে পারতাম।’
পূর্বদিক/এসএ





