শ্রীমঙ্গলে র্যাবের পৃথক অভিযানে ৫৭ বোতল দেশীয় মদ উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৪ জুলাই ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ

ছবি: পূর্বদিক
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে র্যাব-৯-এর পৃথক দুটি অভিযানে ৫৭ বোতল দেশীয় মদ উদ্ধার করা হয়েছে। এ সময় এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া মদের মধ্যে ২৫ বোতল গ্রেফতারকৃত ব্যক্তির কাছ থেকে এবং পরিত্যক্ত অবস্থায় আরও ৩২ বোতল উদ্ধার করা হয়।
র্যাব-৯ জানায়, গত বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ৯টা ৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গলের একটি আভিযানিক দল জানতে পারে, শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট এলাকায় কয়েকজন ব্যক্তি মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে রাত ৯টা ১০ মিনিটে অভিযান চালানো হলে র্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি তার কাছে দেশীয় মদ থাকার কথা স্বীকার করেন। পরে তার হেফাজতে থাকা একটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ২৫ বোতল (২৫ লিটার) কেয়ারুজ (CAREW’S) কান্ট্রি লিকার উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন প্রমোদ ভৌমিক (৫৯), পিতা: মৃত মানিক ভৌমিক, শ্রীমঙ্গল উপজেলার বাসিন্দা।
এদিকে একই রাতে রাত ১১টা ৩৫ মিনিটের দিকে র্যাব-৯-এর আরেকটি দল গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট ইউনিয়নের একটি চা বাগানে অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় আরও ৩২ বোতল (৩২ লিটার) কেয়ারুজ (CAREW’S) কান্ট্রি লিকার উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িতদের শনাক্তে র্যাবের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
র্যাব জানায়, গ্রেফতারকৃত ব্যক্তি ও উদ্ধারকৃত আলামত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের জন্য শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ আরও জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
পূর্বদিক/এসএ






