শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় আহত মুখপোড়া হনুমানের মৃত্যু
প্রকাশিত হয়েছে : 11 September 2026, 7:17 pm

ছবি: পূর্বদিক
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় আহত একটি মুখপোড়া হনুমানের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৬ নম্বর পুলসংলগ্ন মৌলভীবাজার রোডে ঢাকা-সিলেট মহাসড়ক পার হওয়ার সময় হনুমানটি দুর্ঘটনার শিকার হয়।
স্থানীয় সিএনজি অটোরিকশাচালক অখিল মালাকার রাস্তার পাশে আহত অবস্থায় হনুমানটিকে পড়ে থাকতে দেখেন। পরে তিনি হনুমানটির মুখে পানি দেন এবং বাঁচানোর চেষ্টা করেন। একই সঙ্গে বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান।
খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা আহত মুখপোড়া হনুমানটিকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় ও ভেটেরিনারি হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে হনুমানটিকে মৃত ঘোষণা করেন।
মৃত মুখপোড়া হনুমানটি পরবর্তীতে প্রয়োজনীয় প্রক্রিয়ার জন্য শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
পূর্বদিক/এসএ





