শ্রীমঙ্গলে হাইল হাওড়ে ময়লা ফেলার প্রতিবাদে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : 27 September 2026, 11:17 pm

ছবি: পূর্বদিক
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ও আশীদ্রোন ইউনিয়নের মতিগঞ্জ এলাকায় হাইল হাওড়ে শহরের ময়লা-আবর্জনা ফেলার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় তারা ব্যানার ও সচেতনতামূলক প্ল্যাকার্ড হাতে নিয়ে হাইল হাওড়ের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার দাবি জানান।
মানববন্ধনে প্রদর্শিত প্ল্যাকার্ডে লেখা ছিল—‘পলিথিন আর প্লাস্টিকে হাওড়ের মিষ্টি পানি আর সবুজ প্রকৃতি আজ বিপন্ন’, ‘আমাদের পরিষ্কার শহর দরকার, কিন্তু হাওড়কে ময়লার ভাগাড় বানানো চলবে না’ এবং ‘হাওড়ের বুকে ময়লার স্তূপ মানে আগামী প্রজন্মের মুখে বিষ তুলে দেওয়া।’
মানববন্ধনে বক্তব্য দেন আনোয়ার মিয়া, সারফিন আহমদ, বিল্লাহ আহমদ, সালমান মিয়াসহ স্থানীয়রা।
বক্তারা বলেন, হাইল হাওড় একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক জলাভূমি। এখানে শহরের ময়লা-আবর্জনা ফেলা হলে হাওড়ের পানি, পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষ করে পলিথিন ও প্লাস্টিক বর্জ্য জলাভূমির পরিবেশে দীর্ঘমেয়াদি ক্ষতির কারণ হতে পারে।
তারা অবিলম্বে হাওড়ে বর্জ্য ফেলা বন্ধ করে পরিবেশসম্মত ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য বিকল্প ও উপযুক্ত স্থান নির্ধারণের দাবি জানান। দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন তারা।
এদিকে, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য হাজী মুজিবুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে বলেন, মতিগঞ্জে যে স্থানটি দেখা হয়েছে, সেখানে এখন কোনো ময়লা ফেলা হবে না। সরকারি অনুমোদনের পর আধুনিক প্রযুক্তির মাধ্যমে বর্জ্য থেকে জৈব সার, বায়োগ্যাস ও বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।
তিনি এ বিষয়ে ‘অযথা বিভ্রান্ত’ না হয়ে মতিগঞ্জের উন্নয়নে স্থানীয়দের সহযোগিতা কামনা করেন।
স্থানীয়দের একাংশ বলছেন, হাইল হাওড়ের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। বর্জ্য ব্যবস্থাপনার যেকোনো উদ্যোগ নেওয়ার আগে পরিবেশগত প্রভাব, জনস্বাস্থ্য ও স্থানীয় মানুষের স্বার্থ বিবেচনা করা প্রয়োজন।
পূর্বদিক/এসএ





