শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে শক খেয়ে সোনালী হনুমানের মৃত্যু
প্রকাশিত হয়েছে : 3 October 2026, 11:33 pm

ছবি: পূর্বদিক
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে শক খেয়ে একটি সোনালী হনুমানের মৃত্যু হয়েছে। শনিবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার আমরইলছড়া চা বাগানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে আমরইলছড়া চা বাগান এলাকায় বৈদ্যুতিক তারে শক খেয়ে একটি সোনালী হনুমান গুরুতর আহত অবস্থায় মাটিতে পড়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে চা বাগানের লোকজন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।
খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে আহত হনুমানটিকে উদ্ধার করেন। পরে দ্রুত চিকিৎসার জন্য সেটিকে শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে নেওয়া হয়।
তবে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসা দেওয়ার আগেই গুরুতর আহত সোনালী হনুমানটি মারা যায়। পরে মৃত হনুমানটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, বৈদ্যুতিক তারে শক খেয়ে হনুমানটি গুরুতর আহত হয়েছিল। ঘটনাস্থল থেকে উদ্ধারের পর দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসা শুরুর আগেই সেটির মৃত্যু হয়।
সোনালী হনুমান (Golden Langur) বাংলাদেশের একটি বিরল ও সংরক্ষিত বন্যপ্রাণী। বনাঞ্চলের আশপাশে বৈদ্যুতিক তারের ঝুঁকি থাকায় এ ধরনের প্রাণী প্রায়ই দুর্ঘটনার শিকার হওয়ার আশঙ্কা থাকে।
পূর্বদিক/এসএ





