ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিজিবি’র সংবাদ সম্মেলন
প্রকাশিত হয়েছে : ২ ফেব্রুয়ারি ২০২৬, ৩:১৯ অপরাহ্ণ
মৌলভীবাজার প্রতিনিধিঃ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্নের লক্ষ্যে সরাইল রিজিয়নের অধীনস্থ ৪টি সেক্টর-সিলেট, কুমিল্লা, শ্রীমঙ্গল ও ময়মনসিংহ সেক্টরের ১৩টি ব্যাটালিয়নের বিজিবি সদস্যগণ মোট ১৭টি জেলার ও ৫৬টি উপজেলার ৯২টি সংসদীয় আসনে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ৩৩০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়।
সে লক্ষ্যে সরাইল রিজিয়নের পক্ষে শ্রীমঙ্গল সেক্টরের অধীনস্থ শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর ব্যবস্থাপনায় ২ ফেব্রুয়ারি শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল সরকার আসিফ মাহমুদ, পদাতিক কর্তৃক কুলাউড়া সরকারি কলেজে সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে তিনি জানান, এই রিজিয়নের সকল বিজিবি সদস্যরা সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের শান্তি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিজিবি টহল তৎপরতা ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং পর্যাপ্ত জনবল মোতায়েনের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও রাজনৈতিকভাবে নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি নির্বাচনকালীন সময়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও নির্বাচন কমিশনের সকল নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে দায়িত্ব পালন করছে।
আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গত ১ ফেব্রুয়ারি বর্ডার গার্ড বাংলাদেশ পূর্ণমাত্রায় মোতায়েন রয়েছে এবং নির্বাচন সংশ্লিষ্ট সকল দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করছে। এর পরিপ্রেক্ষিতে বিজিবি শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর আওতাধীন ৫টি উপজেলায় (৩টি সংসদীয় আসনে) নির্বাচনী দায়িত্ব পালনের জন্য ৪টি বেইজ ক্যাম্প স্থাপনের মাধ্যমে মোট ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার সহকারী পরিচালক ফিরোজ হোসেন, বিজিবি’র অন্যান্য সদস্যবৃন্দ এবং মৌলভীবাজার জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার বিভিন্ন সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
পূর্বদিক/ডেস্ক/টিকে





