শ্রীমঙ্গলে ঘরের সিলিং থেকে ১২ ফুটের অজগর উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১৪ আগস্ট ২০২৬, ৪:২১ অপরাহ্ণ

ছবি: পূর্বদিক
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরের সিলিংয়ের ওপর থেকে ১২ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ৫ নম্বর পুল এলাকার রুশন আলীর বাসায় এ ঘটনা ঘটে।
জানা যায়, রাতে ঘুমানোর সময় হঠাৎ ঘরের সিলিংয়ের ওপর একটি সাপ দেখতে পান রুশন আলী। সাপটি দেখে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে ঘর থেকে বের হয়ে যান। পরে তিনি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে বিষয়টি জানান।
খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে উপস্থিত হন। সেখানে গিয়ে তারা দেখতে পান, সাপটি ঘরের সিলিংয়ের ওপর ঝুলে রয়েছে। পরে তারা সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
উদ্ধার করা অজগরটির দৈর্ঘ্য প্রায় ১২ ফুট এবং ওজন ১৬ কেজি বলে জানিয়েছেন উদ্ধারকারীরা।
পরে উদ্ধারকৃত অজগর সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
পূর্বদিক/এসএ





