শ্রীমঙ্গলে ৩৬ বোতল ভারতীয় মদসহ দুইজন আটক
প্রকাশিত হয়েছে : 8 September 2026, 5:00 pm

ছবি: পূর্বদিক
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৩৬ বোতল ভারতীয় মদসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার সাগরদিঘী রোডের শাপলাবাগ পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন শ্রীমঙ্গল উপজেলার কুঞ্জবন এলাকার মো. ইউনুছ আলীর ছেলে রাজিব আলী (২৮) এবং সাগরদিঘী রোড এলাকার রাজেশ ভর (২৩)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শরাফত আলী ও ইমানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল শাপলাবাগ পয়েন্ট এলাকায় অভিযান চালায়। এ সময় রাজেশ ভরের লাকড়ির দোকানের সামনে সন্দেহভাজন দুই ব্যক্তির বহন করা বস্তায় তল্লাশি চালানো হয়। তল্লাশিতে ৩৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হলে তাঁদের আটক করে পুলিশ।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারত থেকে অবৈধভাবে আনা এসব মদ উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তিনি আরও বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
পূর্বদিক/এসএ





