পাথরঘাটায় ৩৫০ কেজি হরিণের মাংস জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড
প্রকাশিত হয়েছে : 11 September 2026, 7:14 pm

ছবি: পূর্বদিক
বরগুনা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে ৩৫০ কেজি হরিণের মাংস, তিনটি চামড়া ও একটি মাথা জব্দ করা হয়েছে। এ ঘটনায় ইব্রাহিম নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। জরিমানা অনাদায়ে তাঁকে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে পাথরঘাটা উপজেলার দক্ষিণ চরদুয়ানী এলাকার কালিয়ার খালে এ অভিযান চালানো হয়। কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি সন্দেহজনক কাঠের ট্রলারে তল্লাশি করেন। এ সময় ট্রলার থেকে হরিণের মাংস, তিনটি চামড়া ও একটি মাথা উদ্ধার করা হয়। একই সঙ্গে চোরাচালানের কাজে ব্যবহৃত বোটটিও জব্দ করা হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন শুক্রবার দুপুরে জানান, জব্দ করা হরিণের মাংসের আনুমানিক মূল্য ৪ লাখ ২৪ হাজার টাকা। উদ্ধার করা আলামত ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা উপজেলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা মো. বদিউজ্জামান সোহাগ জানান, রাত ২টা থেকে সকাল ১০টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। পরে আদালতের নির্দেশনা অনুযায়ী জব্দ করা হরিণের মাংস মাটিচাপা দেওয়া হয়েছে। এ ঘটনায় আটক ইব্রাহিমকে ভ্রাম্যমাণ আদালত এক বছরের কারাদণ্ড দিয়েছেন।
তিনি বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ। বন্যপ্রাণী রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তবে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানিয়েছেন, হরিণের মাংস উদ্ধারের বিষয়টি তাঁর জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পূর্বদিক/এসএ





