মাখন লাল কর্মকারের স্মরণে ভাড়াউড়া চা বাগানে নীরবতা পালন
প্রকাশিত হয়েছে : 18 September 2026, 5:52 pm

ছবি: পূর্বদিক
শ্রীমঙ্গল প্রতিনিধি: বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সংগ্রাম কমিটির অন্যতম সংগ্রামী নেতা ও কেন্দ্রীয় কমিটির সভাপতি মাখন লাল কর্মকারের অকাল মৃত্যুতে তাঁকে স্মরণ, শোক ও নীরবতা পালন এবং তাঁর আত্মার শান্তি কামনা করা হয়েছে।
শুক্রবার সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা বাগানে বাগানের চা শ্রমিক ও পঞ্চায়েত কমিটির উদ্যোগে এ স্মরণ ও নীরবতা পালন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় ভাড়াউড়া চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি নূর মিয়া, দুলাল হাজরাসহ চা শ্রমিক, বাগান নেতৃবৃন্দ ও বাগান কর্তৃপক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও বালিশিরা ভ্যালির সভাপতি বিজয় হাজরা বলেন, “ভাড়াউড়া চা বাগানের চা শ্রমিক ও বাগান পঞ্চায়েত কমিটির পক্ষ থেকে মাখন লাল কর্মকারের মৃত্যুতে আমরা আজ শোক পালন করছি। মাখন লাল কর্মকার দীর্ঘদিন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। আপনারা জানেন, দীর্ঘদিনের সংগ্রাম ও আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছে। এই সংগঠনের সংগ্রামী পথচলায় মাখন লাল কর্মকারের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিনি ছিলেন একজন বলিষ্ঠ ও নিবেদিতপ্রাণ শ্রমিক নেতা।”
তিনি আরও বলেন, “মাখন লাল কর্মকারের মৃত্যুতে আমরা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি। আমরা প্রার্থনা করি, পরমেশ্বর যেন তাঁকে শান্তিতে রাখেন এবং তাঁর আত্মার শান্তি দান করেন। তাঁর কর্ম ও স্মৃতি চিরঞ্জীব হোক। দীর্ঘ কর্মজীবনে তিনি চা শ্রমিকদের জন্য অনেক কিছু করে গেছেন। তাঁর অবদান আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব।”
কর্মসূচির শুরুতে প্রয়াত চা শ্রমিক নেতা মাখন লাল কর্মকারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাঁর আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করা হয়।
পূর্বদিক/এসএ





