কমলগঞ্জে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত, আহত ৪
প্রকাশিত হয়েছে : 18 September 2026, 3:03 pm

ছবি: পূর্বদিক
কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রুমালি বেগম (১৮) নামে এক তরুণী নিহত হয়েছেন। এ ঘটনায় চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ১১টা ২০ মিনিটের দিকে উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের শ্রীনাথপুর মূল সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুমালি বেগম উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা। আহতরা হলেন হাফিজা (১৯), লিপন (২৮), নজির মিয়া (৫৫) ও সিএনজি অটোরিকশাচালক শুভ চন্দ্র। তাঁদের মধ্যে হাফিজা ও নজির মিয়ার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, রাতে শ্রীনাথপুর মূল সড়কে বিপরীত দিক থেকে আসা দুটি সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় অটোরিকশার কয়েকজন যাত্রী আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক রুমালি বেগমকে মৃত ঘোষণা করেন।
পরে গুরুতর আহত হাফিজা ও নজির মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত লিপন ও শুভ চন্দ্র স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমর উদ্দিন বলেন, দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত দুটি অটোরিকশা উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পূর্বদিক/এসএ





