ব্রাহ্মণবাড়িয়ায় অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : 18 September 2026, 3:01 pm

ছবি: পূর্বদিক
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে এসআরবি-৯, সিপিসি-১-এর একটি আভিযানিক দল। এ সময় জুয়া খেলার কাজে ব্যবহৃত তিনটি স্মার্টফোন জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পৌরসভার কাজীপাড়া এলাকার ‘খন্দকার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি’র আধাপাকা টিনশেড অফিস কক্ষে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নবীনগর উপজেলার লাউফতেহপুর গ্রামের মৃত রাখাল বণিকের ছেলে রাজিব বণিক (৪১), শেরপুর এলাকার মৃত ফিরোজ খানের ছেলে মো. ইয়াছিন বাবু (৩২), কাজীপাড়া এলাকার মৃত মাহতাব উদ্দিন সরকারের ছেলে মো. শাহিন সরকার (৪৮) এবং একই এলাকার মৃত ইউসুফ আলী শাহের ছেলে মো. রোমান শাহ (৪৭)।
এসআরবি-৯ সূত্রে জানা যায়, ওইদিন রাতে সদর থানার কালীবাড়ি মোড়ে অবস্থান করছিল আভিযানিক দলটি। রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কাজীপাড়ার একটি অফিস কক্ষে কয়েকজন অনলাইন জুয়াড়ি জুয়া খেলছেন। পরে রাত পৌনে ১০টার দিকে সেখানে অভিযান চালানো হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে চারজন পালানোর চেষ্টা করেন। এ সময় তাদের আটক করা হয়।
পরে তাদের হেফাজত থেকে অনলাইন জুয়া খেলার কাজে ব্যবহৃত তিনটি স্মার্টফোন জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, তারা স্থানীয় পর্যায়ে অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে কমিশনের মাধ্যমে লাভবান হওয়ার উদ্দেশ্যে বিভিন্ন ব্যক্তিকে অনলাইন জুয়া খেলতে উৎসাহিত করতেন। এ জন্য তারা ‘9xlive.bet’ ও ‘3 Wickets’ অ্যাপ ব্যবহার করতেন। পাশাপাশি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে জুয়ার অর্থ সংগ্রহ করে তা মূল এজেন্টের কাছে পাঠাতেন বলে তারা স্বীকার করেছেন।
এসআরবি-৯ জানায়, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে গ্রেপ্তার ব্যক্তিদের ও জব্দ করা আলামত ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
পূর্বদিক/এসএ





