শ্রীমঙ্গলে খাটের নিচে ১৬ ফুটের অজগর, আতঙ্কে পরিবার
প্রকাশিত হয়েছে : 20 September 2026, 11:10 pm

ছবি: পূর্বদিক
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতবাড়ির খাটের নিচ থেকে প্রায় ১৬ ফুট লম্বা একটি বিশাল অজগর সাপ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১২টা ১০ মিনিটের দিকে উপজেলার ইছবপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইছবপুর এলাকার মিতালি ডেকোরেটার্সের মালিক প্রয়াত হারুন মিয়ার বাড়িতে পরিবারের সদস্যরা ঘুমাতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় হঠাৎ খাটের নিচ থেকে শব্দ শুনতে পান তারা। পরে খাটের নিচে তাকিয়ে বিশাল আকৃতির একটি অজগর দেখতে পেয়ে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে পরিবারের সদস্যরা বিষয়টি চিকিৎসক প্রলাদ বাবুকে জানান। তিনি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করে অজগরটি উদ্ধারের অনুরোধ করেন। রাত গভীর হলেও খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেন।
পরে তারা বাড়িটিতে গিয়ে খাটের নিচ থেকে অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। উদ্ধার করা অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৬ ফুট এবং ওজন প্রায় ২৬ কেজি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। উদ্ধারের পর অজগরটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, সাম্প্রতিক সময়ে শ্রীমঙ্গলের বিভিন্ন এলাকায় একের পর এক সাপ লোকালয়ে চলে আসার ঘটনা ঘটছে। এতে মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে। তবে সাপ সাধারণত মানুষকে এড়িয়ে চলতে চায়। তাই বসতবাড়িতে সাপ দেখা গেলে আতঙ্কিত না হয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে দ্রুত বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন অথবা সংশ্লিষ্ট বন বিভাগের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।
পূর্বদিক/এসএ





