জেদ্দায় হৃদ্রোগে সাতকানিয়ার প্রবাসী যুবকের মৃত্যু
প্রকাশিত হয়েছে : 19 September 2026, 10:52 pm

ছবি: পূর্বদিক
সাতকানিয়া প্রতিনিধি: সৌদি আরবের জেদ্দায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে মুহাম্মদ ফয়েজ (২২) নামে এক প্রবাসী বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) আকস্মিক হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান বলে জানা গেছে।
নিহত মুহাম্মদ ফয়েজ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মৃত আবু বক্করের মেজ ছেলে। তিনি অবিবাহিত ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে প্রায় এক বছর আগে ফয়েজ সৌদি আরবের জেদ্দায় যান। সেখানে তিনি বড় ভাই মামুনের সঙ্গে বোরকার ব্যবসা করতেন। দুই ভাইই প্রবাসে থেকে পরিবারের জন্য অর্থ উপার্জন করছিলেন।
শুক্রবার সকালে জুমার নামাজের সময় অন্যরা ঘুম থেকে উঠলেও ফয়েজ ঘুম থেকে না ওঠায় তাকে ডাকাডাকি করেন সহবাসীরা। দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও সাড়া না দেওয়ায় অচেতন হয়ে পড়েছেন মনে করে তারা তাকে দ্রুত জেদ্দার স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
পরে ফয়েজের মরদেহ জেদ্দার একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানা গেছে।
সৌদি আরব প্রবাসী ও এলাকার বিশিষ্ট ব্যক্তি মো. জসিমউদ্দীন ফয়েজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তার মরদেহ দেশে ফিরিয়ে এনে যথাযোগ্য মর্যাদায় দাফনের চেষ্টা চলছে।
মাত্র ২২ বছর বয়সে প্রবাসে ফয়েজের আকস্মিক মৃত্যুতে তার পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পূর্বদিক/এসএ






