গাজীপুরে যুবদলের বিক্ষোভ মিছিল, ‘রাজপথে থাকার’ ঘোষণা
প্রকাশিত হয়েছে : 27 September 2026, 11:18 pm

ছবি: পূর্বদিক
গাজীপুর প্রতিনিধি: পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা প্রতিহতের ঘোষণা দিয়েছে গাজীপুর মহানগর যুবদল। সংগঠনটির নেতারা বলেছেন, জনজীবনে আতঙ্ক সৃষ্টি, শান্তি-শৃঙ্খলা বিনষ্ট কিংবা দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা মেনে নেওয়া হবে না। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান তারা।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় গাজীপুর শহরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করে মহানগর যুবদল।
মহানগর যুবদলের সদস্যসচিব মাহমুদ হাসান রাজুর নেতৃত্বে মিছিলটি রাজবাড়ী রোডসহ শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ী জুলাই চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
মিছিল চলাকালে সন্ত্রাস ও নৈরাজ্যবিরোধী বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।
গাজীপুর সদর মেট্রো থানা যুবদলের সদস্যসচিব হাফিজুর রহমান বেলায়েতের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন মহানগর যুবদলের সদস্যসচিব মাহমুদ হাসান রাজু।
তিনি বলেন, ‘সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাজীপুর মহানগর যুবদল রাজপথে রয়েছে। কোথাও নৈরাজ্য, অরাজকতা কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ড দেখা গেলে তা প্রতিহত করা হবে।’
তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় কেউ বাধা সৃষ্টি করলে যুবদল রাজপথে থেকে তা মোকাবিলা করবে। অন্যায়, অরাজকতা ও সন্ত্রাসের কোনো স্থান বাংলাদেশে থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।
মাহমুদ হাসান রাজু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে আধুনিক ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তোলার কাজ চলছে। মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়াই তাদের লক্ষ্য।
সমাবেশে বক্তারা বলেন, সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে রাজনৈতিক বা অন্য কোনো উদ্দেশ্য হাসিলের চেষ্টা প্রতিহত করতে হবে। জননিরাপত্তা বিঘ্নিত হয় কিংবা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়, এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে।
তারা রাজনৈতিক কর্মসূচির নামে সহিংসতা, বিশৃঙ্খলা ও জনদুর্ভোগ সৃষ্টি না করে নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে যেকোনো উসকানি ও বিশৃঙ্খলা এড়িয়ে নেতাকর্মীদের সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান।
সমাবেশে গাজীপুর সদর মেট্রো থানা যুবদলের আহ্বায়ক নাজমুল খন্দকার সুমন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ফারহাজ বিন ফয়েজ প্রবাল ও মাসুদ মোল্লা, যুবদল নেতা আসলাম মিয়াসহ মহানগর যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পূর্বদিক/এসএ





