বিশ্ব পর্যটন দিবসে শ্রীমঙ্গলে বর্ণাঢ্য র্যালি
প্রকাশিত হয়েছে : 27 September 2026, 11:24 pm

ছবি: পূর্বদিক
শ্রীমঙ্গল প্রতিনিধি: ‘পর্যটন নিয়ে নতুন ভাবনা, ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তা’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পর্যটন দিবস ২০২৬ উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় শ্রীমঙ্গল চৌমুহনা থেকে শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার উদ্যোগে র্যালিটি বের হয়। এর আগে সকাল ১০টা থেকে পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা চৌমুহনায় জড়ো হন। পরে বাদ্যযন্ত্রের তালে তালে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থা, শ্রীমঙ্গল ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন, শ্রীমঙ্গল ট্যুর গাইড এবং রাধানগর ট্যুরিজম এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও সদস্যরা অংশ নেন। এছাড়া সাংবাদিক, নৃ-গোষ্ঠীর প্রতিনিধি, ট্যুরিস্ট পুলিশের সদস্যসহ পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি উপস্থিত ছিলেন।
র্যালিতে অংশগ্রহণকারীরা শ্রীমঙ্গলের পর্যটন সম্ভাবনাকে দেশ-বিদেশে আরও কার্যকরভাবে তুলে ধরা এবং আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের মাধ্যমে পর্যটনসেবাকে আরও সহজ, আধুনিক ও যুগোপযোগী করার ওপর গুরুত্ব দেন।
চায়ের দেশ হিসেবে পরিচিত শ্রীমঙ্গল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র। চা-বাগান, বনাঞ্চল, বন্যপ্রাণী, হাওরসহ প্রাকৃতিক বৈচিত্র্য ঘিরে প্রতিবছর এখানে দেশ-বিদেশের বিপুলসংখ্যক পর্যটক ভ্রমণে আসেন। বিশ্ব পর্যটন দিবসের আয়োজনের মধ্য দিয়ে শ্রীমঙ্গলের পর্যটন সম্ভাবনাকে আরও ব্যাপকভাবে তুলে ধরার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
পূর্বদিক/এসএ





