শায়েস্তাগঞ্জে ৭১০৮ কেজি ভারতীয় ফুচকাসহ দুইজন গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : 28 September 2026, 8:32 pm

ছবি: পূর্বদিক
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অভিযান চালিয়ে ৭ হাজার ১০৮ কেজি ভারতীয় ফুচকাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৯। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি ড্রাম ট্রাকও জব্দ করা হয়। জব্দকৃত ফুচকা ও ট্রাকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪ লাখ টাকা।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সোয়া ১১টার দিকে শায়েস্তাগঞ্জ ইউনিয়নের সিলেট-ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। এসআরবি-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এবং সিপিএসসি, সিলেটের যৌথ আভিযানিক দল এ অভিযান চালায়।
এসআরবি-৯ সূত্র জানায়, রোববার সকাল ১০টা ১৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে একটি ড্রাম ট্রাকে করে চোরাচালানের মালামাল সিলেট শহরের দিকে নেওয়া হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ থানাধীন সিলেট-ঢাকা মহাসড়কে চেকপোস্ট স্থাপন করা হয়।
চেকপোস্টে একটি হলুদ-সিলভার রঙের ড্রাম ট্রাককে থামার সংকেত দেওয়া হলে ট্রাকে থাকা দুই ব্যক্তি এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন। পরে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তারা ট্রাকে ভারতীয় ফুচকা থাকার কথা স্বীকার করেন। পরে তাদের দেখানো তথ্যের ভিত্তিতে ড্রাম ট্রাকের পেছনের বডির ভেতরে বিশেষ কৌশলে রাখা ১৪৯টি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। এসব বস্তা থেকে মোট ৭ হাজার ১০৮ কেজি ভারতীয় ফুচকা জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাজীপুরের শ্রীপুর উপজেলার কেউয়া পশ্চিম খণ্ড গ্রামের হযরত আলীর ছেলে মো. আব্দুল হালিম (২৬) এবং সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরগাঁও গ্রামের মো. হোসেন আলীর ছেলে সুরুজ মিয়া (৩৪)।
এসআরবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন স্বীকার করেছেন, তারা পরস্পর যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে ভারতীয় ফুচকা চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তিদের এবং জব্দ করা আলামত শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-৯ জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
পূর্বদিক/এসএ





