পাটগ্রামে ট্রাকচাপায় চারজনের মৃত্যু, আহত ৭
প্রকাশিত হয়েছে : 28 September 2026, 8:33 pm

ছবি: পূর্বদিক
পাটগ্রাম প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রামে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। গুরুতর আহত পাঁচজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার বুড়িমারী ইউনিয়নের ঘুন্টি বাজার এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বুড়িমারী ইসলামপুর ডাঙ্গাপাড়া এলাকার কারিগরের ছেলে নুর আমিন, উফারমারা গুড়িয়াটারি এলাকার হাফিজারের ছেলে ফাতুল মিয়া, একই এলাকার কালটু মিয়ার ছেলে মোস্তাকিন হোসেন এবং আবুল হোসেনের ছেলে আনোয়ার আকাশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পাটগ্রাম থেকে বুড়িমারীর দিকে যাচ্ছিল ১০ চাকার একটি ডাম্পার ট্রাক। ঘুন্টি বাজার এলাকায় পৌঁছালে ট্রাকটির একটি চাকা বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয় ট্রাকটি। পরে ট্রাকটি রাস্তার পাশের একটি দোকানে ঢুকে পড়ে।
এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। গুরুতর আহত কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত সাতজন। তাদের মধ্যে গুরুতর আহত পাঁচজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে দুজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় প্রায় সাতজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, নিহতদের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পূর্বদিক/এসএ





