ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন, বিভাগে নতুন রোগী ২৫৬
প্রকাশিত হয়েছে : 1 October 2026, 9:41 pm

খুলনা সিভিল সার্জন ডা. মোছাঃ মাহফুজা খাতুন
খুলনা প্রতিনিধি: খুলনা সিভিল সার্জন ডা. মোছাঃ মাহফুজা খাতুন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। বুধবার ডেঙ্গু পরীক্ষা করালে তাঁর রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তিনি সিভিল সার্জন কার্যালয়ের স্কুল হেলথ ভবনের অতিথিকক্ষে চিকিৎসাধীন রয়েছেন।
খুলনা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর ঢাকায় প্রশিক্ষণ (ট্রেনিং) শেষে বের হওয়ার পর প্রচণ্ড জ্বরে আক্রান্ত হন ডা. মাহফুজা খাতুন। পরদিন ২৯ সেপ্টেম্বর তিনি খুলনায় ফিরে প্রাথমিক চিকিৎসা নেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেন তিনি।
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ৩০ সেপ্টেম্বর সকালে ডেঙ্গু পরীক্ষা করানো হলে রিপোর্ট পজিটিভ আসে।
ডা. মোছাঃ মাহফুজা খাতুন ২০২৫ সালের ৬ মার্চ খুলনা সিভিল সার্জন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকে তিনি দায়িত্ব পালন করে আসছেন।
এদিকে, খুলনা বিভাগে ডেঙ্গুর সংক্রমণ ও প্রকোপ অব্যাহত রয়েছে। স্বাস্থ্য বিভাগের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ২৫৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে সরকারি হাসপাতালে ১৯৩ জন এবং বেসরকারি হাসপাতালে ৬৩ জন ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় বিভাগে ডেঙ্গুতে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। ফলে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ৪৮ জনেই অপরিবর্তিত রয়েছে।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ অক্টোবর পর্যন্ত খুলনা বিভাগে মোট ১৩ হাজার ৬৬৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ১২ হাজার ১২৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ১ হাজার ১৬৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন জেলা থেকে ৩২৮ জন রোগীকে অন্যত্র রেফার্ড করা হয়েছে।
জেলাভিত্তিক পরিসংখ্যানে খুলনা জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এ জেলায় এখন পর্যন্ত ৫ হাজার ২১৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে শনাক্ত হয়েছেন ২ হাজার ৭৬৩ জন।
স্বাস্থ্য বিভাগ বলছে, ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত থাকায় মশার প্রজননস্থল ধ্বংস ও ব্যক্তিগতভাবে মশার কামড় থেকে সুরক্ষিত থাকার বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
পূর্বদিক/এসএ






