সেপ্টেম্বরে শ্রীমঙ্গলে লোকালয় থেকে ২২ বন্যপ্রাণী উদ্ধার
প্রকাশিত হয়েছে : 2 October 2026, 12:39 pm

ছবি: পূর্বদিক
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে গত সেপ্টেম্বর মাসে ২২টি বন্যপ্রাণী উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। উদ্ধার হওয়া প্রাণীর মধ্যে বিভিন্ন প্রজাতির সাপের পাশাপাশি অজগর, বনবিড়াল, গন্ধগোকুল, মুখপোড়া হনুমান ও শালিক রয়েছে।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন সূত্রে জানা যায়, সেপ্টেম্বরজুড়ে মানুষের বসতবাড়ি, চা-বাগান, সড়ক ও মাছ ধরার জাল থেকে এসব বন্যপ্রাণী উদ্ধার করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো পাঁচটি মনোক্লেড গোখরার বাচ্চা, ১৪ ও ১৬ ফুট লম্বা দুটি অজগর, কয়েকটি পদ্ম গোখরা, বনবিড়ালের তিনটি বাচ্চা, দুটি গন্ধগোকুল এবং একটি মুখপোড়া হনুমান।
গত ২৪ সেপ্টেম্বর হাইল হাওরে মাছ ধরার জালে আটকে পড়া প্রায় ১৬ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়। এছাড়া নতুন বাজার, ভুড়ভুড়িয়া ও ভাড়াউড়া চা-বাগান, কালিঘাট, লাহারপুর, ইছবপুর, নওয়াগাঁওসহ বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন প্রজাতির সাপ ও অন্যান্য বন্যপ্রাণী উদ্ধার করা হয়।
ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, লোকালয়ে বন্যপ্রাণী ঢুকে পড়লে আতঙ্কিত হয়ে সেগুলোকে হত্যা না করে নিরাপদ দূরত্ব বজায় রেখে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন অথবা বন বিভাগকে খবর দেওয়া উচিত। উদ্ধার করা প্রাণীর প্রজাতি ও শারীরিক অবস্থা বিবেচনা করে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে সেগুলো অবমুক্ত করা হয়।
তিনি বলেন, বন্যপ্রাণী প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানুষের অসচেতনতা ও আতঙ্কের কারণে অনেক সময় নিরীহ প্রাণী মারা যায়। তাই বন্যপ্রাণী দেখলে না মেরে উদ্ধারকারী সংস্থা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেওয়ার আহ্বান জানান তিনি।
পূর্বদিক/এসএ





