সুনামগঞ্জে ‘হারায়ে খুঁজি’: আধুনিক বাংলা গানে মুগ্ধ দর্শক
প্রকাশিত হয়েছে : 3 October 2026, 10:36 am

ছবি: পূর্বদিক
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে মনোমুগ্ধকর আধুনিক বাংলা গানের অনুষ্ঠান ‘হারায়ে খুঁজি’। স্থানীয় অনলাইনভিত্তিক জনপ্রিয় চ্যানেল ‘বাইটসুনাম২৪’-এর আয়োজনে সুর, সংগীত ও ভালোবাসায় ভরা এ অনুষ্ঠানে সুনামগঞ্জের বরেণ্য ও জনপ্রিয় শিল্পীরা একের পর এক গান পরিবেশন করেন।
শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যা ৭টায় শুরু হয়ে রাত সাড়ে ৯টা পর্যন্ত চলে প্রাণবন্ত এ আয়োজন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নরেন ভট্টাচার্য্য।
সুনামগঞ্জের জনপ্রিয় শিল্পী মো. শেরগুল আহমেদ, শামীম সারোয়ার, নিখিল চন্দ্র পুরকায়স্থ, সোমা সাহা ও শুভ্রা তালুকদারের অংশগ্রহণে সাজানো হয় ‘হারায়ে খুঁজি’। সংগীত ও সুরের মূর্ছনার পাশাপাশি অনুষ্ঠানে কবি শহীদুল কবির চৌধুরীর কণ্ঠে কবিতা এবং নৃত্যম নৃত্যালয়ের শিল্পীদের নান্দনিক নৃত্য পরিবেশনা ছিল।
সংগীত পরিবেশনায় যন্ত্রে সহযোগিতা করেন কুতুব উদ্দিন, সোহেল রানা, অমিত বর্মন ও অনুপম প্রতীক।
অনুষ্ঠানের আয়োজক বাইটসুনাম২৪-এর প্রতিষ্ঠাতা দ্বিপাল ভট্টাচার্য্য বলেন, ‘সুনামগঞ্জের মানুষ সংস্কৃতিপ্রিয়। দীর্ঘদিন ধরে সুনামগঞ্জে এককভাবে আধুনিক বাংলা গানের আয়োজন হয়নি। এ নিয়ে জেলার গুণীজনদের মধ্যে একটি আক্ষেপ ছিল। তাঁদের সেই আক্ষেপকে গুরুত্ব দিয়েই আমরা ‘হারায়ে খুঁজি’ আয়োজন করেছি। সুনামগঞ্জের মানুষ উপস্থিত হয়ে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করেছেন। বাইটসুনাম২৪-এর পক্ষ থেকে তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’
তিনি অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করায় জেলা শিল্পকলা একাডেমিকে ধন্যবাদ জানান। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সংগীতশিল্পী মো. শেরগুল আহমেদ বলেন, ‘প্রায় ২৫ বছর আগে ‘হারায়ে খুঁজি’ শিরোনামে আধুনিক বাংলা গানের অনুষ্ঠান হতো। সেখানে সুনামগঞ্জের জনপ্রিয় শিল্পীরা গান পরিবেশন করতেন। বাইটসুনাম২৪ সেই আয়োজনের পুনঃসূচনা করেছে। আমরা চেষ্টা করব, এ আয়োজন যেন ধারাবাহিকভাবে চলমান থাকে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ মহিবুল ইসলাম চৌধুরী, কমিউনিস্ট পার্টির সাবেক জেলা সভাপতি চিত্ত রঞ্জন তালুকদার, বিএনপি নেতা নাদির আহমেদ, লেখক সুখেন্দু সেন, হাসন রাজার প্রপৌত্র দেওয়ান গনিউল সালাদীন, বাউল তসকীর আলী, প্রভাষক শুভংকর তালুকদার মান্না, সাংবাদিক রনক বখ্ত, ব্যাংকার আশরাফ হোসেন লিটন, সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনকর্মী মুজাহিদুল ইসলাম মজনু, মহিলা পরিষদের সভাপতি গৌরী ভট্টাচার্য্য।
প্রাথমিক সহকারী শিক্ষক ও শিক্ষক সমিতির নেতা হারুনর রশীদ, বাদল তালুকদার, নারী নেত্রী কলি তালুকদার আরতি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সুনামগঞ্জের হিসাব সহকারী তমাল তালুকদার, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ কে এম আজাদ, একই বিদ্যালয়ের শিক্ষক অনুপ নারায়ণ তালুকদার ও শিপন চন্দ্র পাল, কবি ও কলামিস্ট এস ডি সুব্রত এবং দিগেন্দ্র বর্মন সরকারি ডিগ্রি কলেজের ইংরেজি প্রভাষক মশিউর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সরব উপস্থিতি ও শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনায় ‘হারায়ে খুঁজি’ অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উপভোগ্য।
পূর্বদিক/এসএ





