মাগুরায় ২৮ হাজার ইয়াবা ও প্রায় ২০ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১
প্রকাশিত হয়েছে : 9 October 2026, 5:12 pm

ছবি: পূর্বদিক
খুলনা প্রতিনিধি: মাগুরায় অভিযান চালিয়ে ২৮ হাজার পিস ইয়াবা, চার বোতল ফেনসিডিল ও নগদ ১৯ লাখ ৫৮ হাজার ১০০ টাকাসহ মো. রাশেদ শেখ (৪১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬, ঝিনাইদহ ক্যাম্প। এ সময় টাকা গণনার মেশিন, চারটি ল্যাপটপ, প্রেস বুম মাইক্রোফোন ও খেলনা পিস্তলসদৃশ একটি গ্যাস লাইটার জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ১১টা ৪০ মিনিটে মাগুরা সদর থানাধীন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কলেজপাড়া এলাকার ‘স্বপ্ন বিলাস’ নামের একটি বাড়ির চতুর্থ তলার কক্ষে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার রাশেদ শেখ ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার মালিপাড়া গ্রামের মো. মোস্তফা শেখ ও রোকেয়া বেগমের ছেলে। তিনি ওই বাড়িতে ভাড়া থাকতেন।
অভিযান শেষে উপস্থিত সাক্ষীদের সামনে নিয়ম অনুযায়ী জব্দ করা মালামালের তালিকা প্রস্তুত করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি জব্দ করা মালামালসহ তাঁকে মাগুরা সদর থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
এ বিষয়ে এসআরবি-৬, ঝিনাইদহ ক্যাম্পের সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রেখে তাঁদের অভিযান অব্যাহত রয়েছে। নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের পাশাপাশি অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে নিয়মিত অভিযান চালানো হবে।
পূর্বদিক/এসএ





