শ্রীমঙ্গলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন পল্লির শিশুদের নতুন পোশাক বিতরণ
প্রকাশিত হয়েছে : 9 October 2026, 5:13 pm

ছবি: পূর্বদিক
শ্রীমঙ্গল প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হরিজন পল্লির সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে নতুন পোশাক বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে শহরের কলেজ সড়ক এলাকার হরিজন পল্লিতে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা সংগঠন ‘সহপথ’-এর উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের হাতে নতুন পোশাক তুলে দেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, দুর্নীতি দমন কমিশনের (দুদক) সিলেট বিভাগীয় উপসহকারী পরিচালক নিঝুম রায়, স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য ও শিক্ষা বিভাগের সাবেক পরিচালক সত্যকাম চক্রবর্তী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, সাংবাদিক ইসমাইল মাহমুদ, শফিকুল ইসলাম রুম্মন, এসকে দাশ সুমন, লন্ডন প্রবাসী নুর বক্স এবং সহপথের সমন্বয়ক শিমুল তরফদার, মৃদুল দেব, কাজল হাজরা, আল ইব্রাহিম, সীমা তাঁতী, রক্তিমা নাগ ও সুমিতা তাঁতীসহ অন্যরা।
আয়োজকেরা জানান, ‘সামনেই শারদীয় দুর্গাপূজা। আমরা চাই, সবাই মিলে আনন্দঘন পরিবেশে পূজার আনন্দ ভাগাভাগি করে নেব। এ লক্ষ্যেই হরিজন পল্লির শিশুদের মধ্যে নতুন পোশাক বিতরণ করেছি। শিশুদের মুখে হাসি ফুটতে দেখে আমরাও আনন্দিত।’
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, ‘সহপথের এই চমৎকার আয়োজন সত্যিই প্রশংসনীয়। সংগঠনটির স্লোগানও চমৎকার, “মানুষের পাশে, মানুষের পথে”। আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে সামান্য করে অবদান রাখলেও সুন্দর বাংলাদেশের যে স্বপ্ন দেখি, তা বাস্তবায়ন করা সম্ভব।’
তিনি বলেন, শারদীয় দুর্গোৎসব একটি ধর্মীয় উৎসব হলেও বাংলাদেশে তা সর্বজনীন সামাজিক সম্প্রীতির বন্ধনে উদ্যাপিত হয়। শ্রীমঙ্গলেও সব ধর্মের মানুষ মিলেমিশে বিভিন্ন উৎসব উদ্যাপন করেন। আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ইউএনও আরও বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ তাঁদের আরও উৎসাহিত করেছে। এ ধরনের মানবিক কার্যক্রম সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধনকে আরও সুদৃঢ় করে। তিনি আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান এবং সবার অংশগ্রহণে আসন্ন শারদীয় দুর্গোৎসব আনন্দমুখর পরিবেশে উদ্যাপিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
পূর্বদিক/এসএ





