সিংগাইরে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর
প্রকাশিত হয়েছে : 10 October 2026, 11:42 pm

ছবি: পূর্বদিক
মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে জমিসংক্রান্ত বিরোধের জেরে ননীগোপাল নামের এক ব্যক্তির বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় ঘরে থাকা নগদ ২৬ হাজার টাকা ও মূল্যবান কাগজপত্র নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। এ ছাড়া বসতঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি তাদের।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের খানবানিয়ারা গ্রামের হিন্দুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, খানবানিয়ারা গ্রামের বাসিন্দা ননীগোপাল ও মায়ারানী দুজনই ওয়ারিশ সূত্রে জমির মালিক। ননীগোপাল দীর্ঘদিন ধরে তাঁর জমি ভোগদখল করে আসছেন। অন্যদিকে, মায়ারানী ওয়ারিশ সূত্রে পাওয়া জমির সমপরিমাণ জমি ভোগদখলে ছিলেন বলে জানা গেছে। পরে তিনি সেই জমি বিক্রি করে দেন। এ নিয়ে ননীগোপালের পরিবারের সঙ্গে প্রতিবেশী মায়ারানী ও তাঁর ছেলে সৌরভের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
অভিযোগ রয়েছে, এ বিরোধের জের ধরে মায়ারানী পার্শ্ববর্তী বাটি গ্রামের মোসলেম মেম্বারের ছেলে মোশারফ হোসেন ওরফে মশা এবং জয়নালের ছেলে অনুসহ ৫ থেকে ৭ জনকে নিয়ে ননীগোপালের বাড়িতে অতর্কিত হামলা চালান। এ সময় বসতঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। ঘরে থাকা নগদ ২৬ হাজার টাকা ও মূল্যবান কাগজপত্র নিয়ে যাওয়ার পাশাপাশি বাড়িঘরে আগুন দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
স্থানীয়ভাবে এ বিরোধ নিয়ে একাধিকবার সালিস বৈঠক হয়েছে। এর আগেও জমি নিয়ে দুই পরিবারের মধ্যে একাধিকবার ঝগড়া-বিবাদের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে।
হামলার সময় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ননীগোপাল, তাঁর ছেলে পরান সরকার ও নাথু সরকার এবং অপর পক্ষের মোশারফ হোসেন ওরফে মশা ও অনু গুরুতর আহত হন। পরে আহত ব্যক্তিদের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় উভয় পক্ষই সিংগাইর থানায় লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগের বিষয়ে মায়ারানী বলেন, জমিটি তাঁর এবং তিনি দীর্ঘদিন ধরে তা ভোগদখল করে আসছেন।
পূর্বদিক/এসএ





