ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আখুন্জী নীলুর মৃত্যুতে গণতন্ত্রী পার্টির শোক
প্রকাশিত হয়েছে : 9 November 2026, 10:48 pm
নিজস্ব প্রতিবেদক: ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আখুন্জী নীলুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে গণতন্ত্রী পার্টি।
সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯৩ বছর বয়সে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
মোশাররফ হোসেন আখুন্জী নীলু ১৯৫২ সালে রাজশাহীতে কলেজে অধ্যয়নকালে ভাষা আন্দোলনে যুক্ত হন। ছাত্রজীবন থেকেই তিনি প্রগতিশীল ছাত্রসংগঠন ছাত্র ইউনিয়নের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পরবর্তী সময়ে তিনি ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) রাজনীতিতে যুক্ত হন। মুক্তিযুদ্ধের পর ন্যাপের কিশোরগঞ্জ মহকুমা ও জেলা কমিটির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া ন্যাপের বিভিন্ন ধারার রাজনীতিতেও তিনি সক্রিয় ভূমিকা রাখেন।
১৯৮৭ সালে ন্যাপ একীভূত হওয়ার পর পিতৃবিয়োগের কারণে রাজশাহীতে পৈতৃক ব্যবসার দায়িত্ব গ্রহণ করে সেখানে চলে যান। পরবর্তী সময়েও তিনি প্রগতিশীল রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। রাজশাহীতে অবস্থানকালেই তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
বিপত্নীক মোশাররফ হোসেন আখুন্জী নীলু মৃত্যুকালে দুই মেয়ে, এক ছেলে, নাতি-নাতনি, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এক যৌথ শোকবার্তায় গণতন্ত্রী পার্টির সভাপতি ব্যারিস্টার মো. আরশ আলী, ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. শহীদুল্লাহ সিকদার এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন বলেন, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ ও প্রগতিশীল রাজনৈতিক আন্দোলনে মোশাররফ হোসেন আখুন্জী নীলুর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে দেশ একজন প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব ও প্রগতিশীল আন্দোলনের নিবেদিতপ্রাণ মানুষকে হারাল।
নেতারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।





