রাকসু নির্বাচনের দাবিতে প্রশাসনিক ভবন ঘেরাও
প্রকাশিত হয়েছে : 17 November 2026, 5:39 pm

ছবি: পূর্বদিক
রাজশাহী প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা ও সিনেট অধিবেশন আহ্বানের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ‘রাবি সংস্কার আন্দোলন’। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সংগঠনটির নেতারা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১-এর সামনে এ কর্মসূচি শুরু হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত দুপুর সাড়ে ১২টায়ও আন্দোলনকারীদের অবস্থান কর্মসূচি চলছিল।
এ সময় বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘গণতন্ত্রের বুলি নয়, গণতন্ত্রের চর্চা চাই’, ‘আদু, যদু, মধু ভাই; তারা কি আর রাকসু চায়?’ এবং ‘প্রশাসনের কালক্ষেপণ, মানবে না শিক্ষাঙ্গন’।
রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক ও রাকসুর সাবেক সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার বলেন, রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব। কিন্তু প্রশাসন কেন কালক্ষেপণ করছে এবং কী কারণে এখনো তফসিল ঘোষণা করা হচ্ছে না, তার জবাব প্রশাসনকেই দিতে হবে।
তিনি বলেন, রাকসু নির্বাচন ও সিনেট অধিবেশন নিয়ে দীর্ঘদিন ধরে টালবাহানা চলছে। রাকসুর মেয়াদ শেষ হওয়ার এক মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি। রাকসু সফল না ব্যর্থ, সেটি মুখ্য বিষয় নয়; বরং এটি শিক্ষার্থীদের প্রত্যক্ষ অংশগ্রহণ ও মতপ্রকাশের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। তাই অবিলম্বে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে।
অবস্থান কর্মসূচিতে সংগঠনটির সদস্যসচিব আরিফ আলভী অভিযোগ করেন, কিছু মানুষের অদৃশ্য স্বার্থের কারণেই রাকসু নির্বাচন আটকে রাখা হয়েছে। রাকসু সচল থাকলে ক্যাম্পাসে জবাবদিহি নিশ্চিত হয়। শিক্ষার্থীরা সচেতন থাকলে কেউ স্বৈরাচারী মনোভাব দেখানোর সাহস পায় না। এ কারণেই শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশের সুযোগ সীমিত করতে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রাখার চেষ্টা চলছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, প্রশাসন নির্বাচন দিতে গড়িমসি করলে এর পেছনে অদৃশ্য স্বার্থ রয়েছে বলে মনে করার যথেষ্ট কারণ তৈরি হবে। একটি পক্ষ ক্যাম্পাসে নিজেদের আধিপত্য বজায় রাখতে নির্বাচন চায় না। তবে তারা আধিপত্যবাদের বিরোধী। দাবি আদায় না হলে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারিও দেন তিনি।
কর্মসূচিতে অংশ নেওয়া ইতিহাস বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মুস্তাকিম বলেন, দীর্ঘদিন পর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থীরা নিজেদের আবেগ, মতামত ও অধিকার প্রকাশের একটি জায়গা পেয়েছেন। বর্তমানে ক্যাম্পাসে সুন্দর ও সুস্থ পরিবেশ বিরাজ করলেও রাকসুর কার্যক্রম কেন স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
তিনি বলেন, এ বিষয়ে প্রশাসনকে বারবার নোটিশ দেওয়া হলেও কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। কোনো মহলের চাপ কিংবা অন্য কোনো কারণে রাকসুর কার্যক্রম আটকে রাখা হয়েছে কি না, তা স্পষ্ট করতে হবে। শিক্ষার্থীদের ন্যায্য অধিকার রক্ষায় তাঁরা সুশৃঙ্খলভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি।
এর আগে সোমবার এক সংবাদ সম্মেলনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল রাবি সংস্কার আন্দোলন।





