সাতক্ষীরা সদর হাসপাতালে নারী রোগীকে ধর্ষণের অভিযোগ, কর্মী আটক
প্রকাশিত হয়েছে : 17 November 2026, 10:52 pm

ছবি: পূর্বদিক
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারী রোগীকে ধর্ষণের অভিযোগ উঠেছে হাসপাতালের প্যাথলজি বিভাগের এক আউটসোর্সিং কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মাহমুদুল হাসান টিপু (২৪) নামে ওই কর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে হাসপাতালের প্যাথলজি বিভাগ থেকে তাকে আটক করা হয়।
ভুক্তভোগী নারীর অভিযোগ, সোমবার (১৬ নভেম্বর) দুপুরে হাসপাতালের প্যাথলজি বিভাগের একটি কক্ষে তাকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় মঙ্গলবার বিকেলে শারীরিক পরীক্ষার জন্য তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আটক মাহমুদুল হাসান টিপু সাতক্ষীরা শহরের দক্ষিণ কাটিয়া ঢালিপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ওই নারী চিকিৎসকের পরামর্শে কয়েকটি পরীক্ষা করানোর জন্য হাসপাতালে যান। প্রথমে আল্ট্রাসনোগ্রাম কক্ষে গেলে তাকে পরদিন আসতে বলা হয়। পরে প্যাথলজি বিভাগেও একই কথা জানানো হয়।
ওসি জানান, দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ি ফেরার সময় অভিযুক্ত কর্মী পরীক্ষা করিয়ে দেওয়ার কথা বলে ওই নারীকে ডাকেন। পরে প্রস্রাবের নমুনা দেওয়ার কথা বলে তাকে প্যাথলজি বিভাগের ভেতরের একটি কক্ষে যেতে বলেন। ওই নারী কক্ষে প্রবেশ করলে অভিযুক্ত ব্যক্তি দরজা বন্ধ করে ভয়ভীতি দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
এ ঘটনার বিষয়ে কাউকে না জানাতেও ওই নারীকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে বাড়িতে ফিরে স্বামীকে বিষয়টি জানান তিনি। স্বামীর সহযোগিতায় থানায় গিয়ে নিজেই বাদী হয়ে মামলা করেন। ওই মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযুক্তকে আটক করে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।





