গুঁড়িগুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে লাউয়াছড়ার পথে দুই শতাধিক দৌড়বিদ
প্রকাশিত হয়েছে : 20 November 2026, 10:05 pm

ছবি: পূর্বদিক
শ্রীমঙ্গল প্রতিনিধি: বৈরী আবহাওয়া ও গুঁড়িগুঁড়ি বৃষ্টিকে উপেক্ষা করে প্রকৃতির সান্নিধ্যে দৌড়ের আনন্দে মেতে উঠলেন দুই শতাধিক দৌড়বিদ। সুস্থতা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের নয়নাভিরাম সড়কে অনুষ্ঠিত হয়েছে ‘গেট টুগেদার রান’।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৬টায় ‘কমলগঞ্জ রানার্স’-এর আয়োজনে এ দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বয়সী দুই শতাধিক দৌড়বিদ অংশ নেন।
প্রতিযোগিতায় ২১ কিলোমিটার ও ১০ কিলোমিটার, এই দুটি ক্যাটাগরিতে দৌড়বিদরা অংশগ্রহণ করেন। লাউয়াছড়ার উঁচু-নিচু ও আঁকাবাঁকা সড়কে গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যে দৌড়বিদদের একাগ্রতা, প্রাণশক্তি ও পারস্পরিক উৎসাহ পুরো আয়োজনকে উৎসবমুখর করে তোলে। স্থানীয় ক্রীড়াপ্রেমী ও তরুণদের মধ্যেও এ আয়োজন ব্যাপক সাড়া ফেলে।
দৌড়ের শুরু থেকে শেষ পর্যন্ত আয়োজনটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সক্রিয় ভূমিকা পালন করেন আয়োজক ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা। এ সময় উপস্থিত ছিলেন রাজকান্দি রানার্সের অ্যাডমিন মো. জাকির হোসেন, কমলগঞ্জ রানার্সের অ্যাডমিন সৈয়দ জামাল হোসেন, এবাদুর রহমান, সুলেমান হোসেন, মনজুরুল ইসলাম ও ফয়সল ইসলামসহ অনেকে।
দৌড়ে অংশ নেওয়া সাবেক ব্যাংক কর্মকর্তা মো. সালাহ উদ্দিন বলেন, দৌড়ের মাধ্যমে শুধু শারীরিক সুস্থতাই নিশ্চিত হয় না, নিজেদের মধ্যে ইতিবাচক মানসিক শক্তি ও ভ্রাতৃত্ববোধও তৈরি হয়। লাউয়াছড়ার মতো মনোরম প্রাকৃতিক পরিবেশে দৌড়ানোর অভিজ্ঞতা সত্যিই অসাধারণ। এ ধরনের আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন।
কমলগঞ্জ রানার্সের অ্যাডমিন সৈয়দ জামাল হোসেন বলেন, ব্যস্ত জীবনের একঘেয়েমি কাটিয়ে তরুণ প্রজন্মকে মাদক ও নানা খারাপ অভ্যাস থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও কর্মমুখর জীবন গঠনে উৎসাহিত করতেই তাঁদের এ উদ্যোগ। পাশাপাশি প্রকৃতি ও পরিবেশের প্রতি মানুষের দায়িত্ববোধ বাড়াতে লাউয়াছড়ার সড়ককে দৌড়ের জন্য বেছে নেওয়া হয়েছে।
ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।





