কলকাতায় অঙ্কুর নৃত্য উৎসব, শতাধিক শিল্পীর অংশগ্রহণে মঞ্চস্থ ‘পরা’
প্রকাশিত হয়েছে : 20 November 2026, 10:11 pm

ছবি: পূর্বদিক
নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি কলকাতার ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে রিদিম কালচারাল সেন্টারের নিবেদনে অনুষ্ঠিত হয়েছে ‘অঙ্কুর নৃত্য উৎসব’। বর্ণাঢ্য এ আয়োজনে অতিথি শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন হিমিকা বজর, অর্পণ আবির সরকার, রাত্রীশ সাহাসহ বিশিষ্ট শিল্পীরা।
অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বামী সেবাপরানন্দ মহারাজ, অভিনেত্রী ইন্দ্রাণী হালদার ও দেবলীনা কুমার।
উৎসবের মূল আকর্ষণ ছিল বিশ্বজননী শ্রীমা সারদাকে নিয়ে নির্মিত নৃত্যনাট্য ‘পরা’। ব্যতিক্রমী এ প্রযোজনায় অংশগ্রহণ করেন প্রায় ১০০ জন শিল্পী। নৃত্য, অভিনয় ও মঞ্চায়নের সমন্বয়ে পরিবেশিত প্রযোজনাটি দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে।
নৃত্যনাট্যটিতে শ্রীমা সারদার চরিত্রে অভিনয় করেন শতাব্দী সিংহ। এ ছাড়া জগদ্ধাত্রী চরিত্রে দেবলীনা দে, দুর্গা চরিত্রে বিশ্বপ্রতীম বোস, নরসিংহী চরিত্রে সুবীর হাজরা, মহিষাসুরমর্দিনী চরিত্রে প্রিয়া রায়, কুমারী চরিত্রে শ্রদ্ধা দাস, পার্বতী চরিত্রে সপ্তপর্ণা গাঙ্গুলী, দেবী শতাক্ষী চরিত্রে আকাশরাজ রায় এবং অসুরের চরিত্রে দীপ্তয়াংশু পাল ও শুভজিৎ কুশ দাস অভিনয় করেন।
নৃত্যনাট্যটির ভাবনা ও পরিচালনায় ছিলেন অরিজিৎ ঘোষাল। নৃত্য পরিচালনায় বিশ্বপ্রতীম বোস, আলোক পরিকল্পনায় সোমনাথ চক্রবর্তী এবং সার্বিক পরিচালনায় ছিলেন সীমা পাল। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঋতুরাজ প্রামাণিক।
আধ্যাত্মিক ভাবনা, শাস্ত্রীয় নৃত্য ও শিল্পীদের সম্মিলিত পরিবেশনায় ‘অঙ্কুর নৃত্য উৎসব’ হয়ে ওঠে এক স্মরণীয় সাংস্কৃতিক আয়োজন।





