ধর্মপাশায় অবৈধ মাটি কাটায় চারজনের কারাদণ্ড, জব্দ ৫ লরি
প্রকাশিত হয়েছে : 10 November 2026, 11:25 pm

ছবি: পূর্বদিক
ধর্মপাশা প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশায় অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কেটে পরিবহনের দায়ে চারজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাটি পরিবহনে ব্যবহৃত পাঁচটি লরি জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেখইজুড়া গ্রামের পেছনে মধ্যনগরগামী প্রধান সড়কে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জ থানার আব্দুল কাদিরের ছেলে সাদ্দাম মিয়া (২৫), মৃত নিজাম উদ্দিনের ছেলে তোফাজ্জল (২২), মৃত সায়েম উদ্দিনের ছেলে কাইয়ুম মিয়া (৩৪) এবং মোহনগঞ্জ থানার আব্দুর রাজ্জাকের ছেলে আলম মিয়া (৩২)। অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
অভিযান শেষে দণ্ডপ্রাপ্ত চারজন ও জব্দ করা পাঁচটি লরি সংশ্লিষ্ট মালামালসহ ধর্মপাশা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ইউএনও জনি রায় বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী এ ধরনের অপরাধে অর্থদণ্ড ও কারাদণ্ডের বিধান রয়েছে। বিশেষ করে শুকনো মৌসুমে হাওরাঞ্চলে অবৈধভাবে মাটি কাটার প্রবণতা বাড়ে। এতে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, দুই দিন আগেও একই ধরনের অভিযানে এক লরির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কোথাও অবৈধভাবে মাটি কাটার ঘটনা ঘটলে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি। অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।





