শ্রীমঙ্গলে ১ হাজার ৫০ কেজি চালের অন্নে গোবর্ধন পর্বত, ভক্তের ঢল
প্রকাশিত হয়েছে : 10 November 2026, 11:32 pm

ছবি: পূর্বদিক
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১ হাজার ৫০ কেজি চালের অন্ন এবং সহস্রাধিক পদের নিরামিষ ব্যঞ্জন দিয়ে প্রতীকী গোবর্ধন পর্বত সাজিয়ে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশে ভোগ নিবেদন করা হয়। পরে সেই ভোগ মিশ্রণ করে প্রায় ২০ হাজার ভক্ত-অনুরাগীর মধ্যে প্রসাদ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলার উত্তরসুর এলাকার শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম ও মিশনে তৃতীয়বারের মতো এ মহোৎসবের আয়োজন করা হয়।
উৎসব উপলক্ষে আশ্রম প্রাঙ্গণে অন্ন দিয়ে তৈরি করা হয় বিশাল আকৃতির গোবর্ধন পর্বত। এর চারপাশে প্লাস্টিক ও মাটির পাত্রে সাজিয়ে রাখা হয় সহস্রাধিক পদের নিরামিষ তরকারি, মিষ্টান্ন ও ফলমূল। ভোগ নিবেদনের পর বেলা সোয়া ১টা থেকে এক ঘণ্টার জন্য ভক্তদের ভোগ প্রদক্ষিণের সুযোগ দেওয়া হয়। পরে দুপুর ২টার দিকে শুরু হয় প্রসাদ বিতরণ। এ সময় উপজেলার বিভিন্ন এলাকা ছাড়াও আশপাশের স্থান থেকে হাজারো ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটে আশ্রম প্রাঙ্গণে।
অন্নকূট উৎসবে আসা মৌসুমি গোস্বামী বলেন, “এই মন্দিরে তৃতীয়বারের মতো অন্নকূট উৎসব হচ্ছে। উৎসবটি দেখতে এসেছি। এখানে এসে সত্যিই খুব ভালো লাগছে। মন্দিরের সৌন্দর্য ও পবিত্রতা এতটাই মনোমুগ্ধকর যে মন-প্রাণ জুড়িয়ে যায়।”
আয়োজকেরা জানান, গোবর্ধন পূজার অংশ হিসেবে গিরি গোবর্ধনের প্রতীকী রূপে খাদ্যের পাহাড় তৈরি করে ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করা হয়। সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, একসময় বৃন্দাবনবাসীকে প্রবল বৃষ্টির হাত থেকে রক্ষা করতে ভগবান শ্রীকৃষ্ণ তাঁর কনিষ্ঠ আঙুলের ডগায় গোবর্ধন পর্বত তুলে ধরেছিলেন। সেই পৌরাণিক ঘটনাকে স্মরণ করেই সারা ভারতসহ বিশ্বের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীরা গোবর্ধন পূজা বা অন্নকূট উৎসব পালন করেন।
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, ভালো বৃষ্টি ও উত্তম ফসলের আশায় বৃন্দাবনবাসী দেবরাজ ইন্দ্রের পূজা করতেন। তবে শ্রীকৃষ্ণ তাঁদের ইন্দ্রের পরিবর্তে গোবর্ধন পর্বত ও প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পরামর্শ দেন। এতে ক্ষুব্ধ হয়ে দেবরাজ ইন্দ্র প্রবল বৃষ্টিপাত ঘটালে শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বত তুলে ধরে গ্রামবাসীকে আশ্রয় দেন। সেই স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দীপাবলির পরদিন গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসব পালিত হয়ে আসছে। ‘অন্ন’ অর্থ খাদ্য এবং ‘কূট’ অর্থ স্তূপ বা পর্বত। এ থেকেই উৎসবটির নাম হয়েছে অন্নকূট।
শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম ও মিশনের প্রতিষ্ঠাতা পরিচালক বন্ধু প্রীতম ব্রহ্মচারী বলেন, “অন্নকূট উপলক্ষে ১ হাজার ৫০ কেজি চালের অন্ন রান্না করা হয়েছে। এ ছাড়া প্রায় সহস্রাধিক বাটিতে বিভিন্ন পদের তরকারি, মিষ্টিজাতীয় খাবার ও ফল রাখা হয়েছিল। এই আয়োজন বাস্তবায়নে অনেকেই সহযোগিতা করেছেন। তাঁদের সবার প্রতি আমরা কৃতজ্ঞ। প্রায় ৩০ হাজার মানুষের জন্য প্রসাদের আয়োজন রাখা হয়েছিল। উৎসবে প্রচুর ভক্ত-অনুরাগীর সমাগম হয়েছে।”





