শ্রীমঙ্গলে সর্বাধিক ভোটার, ২৮ নভেম্বর চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন
প্রকাশিত হয়েছে : 25 November 2026, 10:27 pm

ছবি: পূর্বদিক
শ্রীমঙ্গল প্রতিনিধি: দীর্ঘ আট বছর পর আগামী ২৮ নভেম্বর শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-বি-৭৭) নির্বাচন-২০২৬। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেশের ২৩০টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন ও নির্বাচন কমিশন।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান মৌলভীবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল।
প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন নির্বাচন-২০২৬-এর রিটার্নিং কর্মকর্তা ও মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদ। এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুনসহ নির্বাচনসংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রতিনিধিরা।
জেলা প্রশাসক জানান, দীর্ঘ আট বছর পর নির্বাচনকে ঘিরে চা-বাগান অধ্যুষিত এলাকাগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। চা-শ্রমিকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ এবং গণতান্ত্রিক অধিকার চর্চার ক্ষেত্রে এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে জেলা ও উপজেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। নির্বাচনী তফসিল ঘোষণার পর সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে একাধিক সমন্বয় সভা করা হয়েছে। চা-বাগানের ব্যবস্থাপক ও মালিকদের সঙ্গেও পৃথক সভা করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক জানান, মৌলভীবাজার জেলার সাতটি উপজেলায় ১৩৫টি পঞ্চায়েতের অধীনে চূড়ান্ত ভোটার রয়েছেন ৬০ হাজার ৪৮২ জন। এর মধ্যে শ্রীমঙ্গলে ৪০টি পঞ্চায়েতে ১৮ হাজার ৮২২ জন, মৌলভীবাজার সদরে ৩টি পঞ্চায়েতে ১ হাজার ১৫৬ জন, রাজনগরে ১৩টি পঞ্চায়েতে ৫ হাজার ৭৫২ জন, কমলগঞ্জে ২৩টি পঞ্চায়েতে ১৪ হাজার ৪৩০ জন, কুলাউড়ায় ২২টি পঞ্চায়েতে ৮ হাজার ৬৫৬ জন, জুড়ীতে ১৬টি পঞ্চায়েতে ৭ হাজার ৮৪৯ জন এবং বড়লেখায় ১৮টি পঞ্চায়েতে ৩ হাজার ৮১৭ জন ভোটার রয়েছেন।
জেলার মধ্যে শ্রীমঙ্গলে সর্বাধিক ১৮ হাজার ৮২২ জন ভোটার থাকায় এ উপজেলায় নির্বাচন ঘিরে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটকেন্দ্রের নিরাপত্তা, ভোটারদের নির্বিঘ্নে যাতায়াত এবং সুষ্ঠুভাবে ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় এবং ভোটগ্রহণের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, এ নির্বাচনের মাধ্যমে পঞ্চায়েত বা প্রাথমিক নির্বাহী কমিটি, ভ্যালি নির্বাহী কমিটি এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন হবে। চা-শ্রমিকদের প্রতিনিধিত্বশীল নেতৃত্ব নির্বাচনে এ ভোট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের আইন ও নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, ভোটাররা যেন নির্ভয়ে ও স্বাধীনভাবে তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন কাজ করছে।
তিনি আশা প্রকাশ করেন, সবার সহযোগিতায় একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সময় নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও প্রশাসনের নিরপেক্ষ অবস্থান জনগণের সামনে তুলে ধরতে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান তিনি।





