ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করবে সরকার: বিজন কান্তি সরকার
প্রকাশিত হয়েছে : 25 November 2026, 10:31 pm

ছবি: পূর্বদিক
শ্রীমঙ্গল প্রতিনিধি: ধর্ম, বর্ণ কিংবা জাতিগত পরিচয় যা-ই হোক, দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও ক্ষুদ্র নৃগোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার। তিনি বলেন, কোনো নাগরিকের ওপর অন্যায়, অবিচার কিংবা হয়রানি হতে দেওয়া হবে না।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার উত্তরসুর এলাকায় শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু আশ্রম ও মিশনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘বহুত্বের সৌন্দর্যে, সম্প্রীতির বন্ধনে আমাদের শ্রীমঙ্গল’ প্রতিপাদ্যে সম্মিলিত সনাতনী সমাজ, শ্রীমঙ্গলের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
বিজন কান্তি সরকার বলেন, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের ধর্মীয় সংখ্যালঘু ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের মধ্যে নানা ধরনের উদ্বেগ ও আশঙ্কা তৈরি হয়েছিল। তবে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সরকার কাজ করছে। মন্দির, সংখ্যালঘু জনগোষ্ঠী কিংবা ভিন্নমতাবলম্বীদের ওপর কোনো ধরনের হয়রানি বা অবিচার বরদাশত করা হবে না।
এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন হয়েছে। পূজাকে কেন্দ্র করে প্রতিবেশী দেশের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রচারণা থাকলেও দেশের বাস্তব চিত্র ছিল ভিন্ন। বিভিন্ন এলাকার পূজামণ্ডপের ব্যবস্থাপনা ও সার্বিক পরিবেশ ছিল প্রশংসনীয়।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী দলীয় ও সরকারি পর্যায়ে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন, যাতে কোনো ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় কিংবা অন্য কোনো জনগোষ্ঠীর মানুষ অবিচারের শিকার না হন এবং সবাই তাঁদের ন্যায্য অধিকার পান। পারস্পরিক আস্থা, ভালোবাসা ও সম্প্রীতির মধ্য দিয়েই একটি নিরাপদ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকী এবং শ্রীমঙ্গল প্রেস ক্লাবের আহ্বায়ক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন।
শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু আশ্রম ও মিশনের প্রতিষ্ঠাতা শ্রীমৎ বন্ধু প্রীতম ব্রহ্মচারীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সম্মিলিত সনাতনী সমাজ, শ্রীমঙ্গলের মুখপাত্র শ্রী যোশেফ দাশগুপ্ত (যশো)।
সভায় অন্যান্য বক্তারা বলেন, জনগণ যে আস্থা ও ভালোবাসা নিয়ে ভোট দিয়েছেন, তার যথাযথ মর্যাদা দিতে হবে। ভবিষ্যতেও জনগণের সমর্থন পেতে হলে কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে। ভালো কাজই মানুষের ভালোবাসা ও সমর্থন পাওয়ার প্রধান ভিত্তি।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সনাতনী সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।





