পবিত্র শবে বরাতে বার্মিংহামের সিরাজাম মুনিরা জামে মসজিদে রাতব্যাপী পালিত হবে ব্যাপক কর্মসূচি
প্রকাশিত হয়েছে : 22 February 2024, 5:00 pm

নিজস্ব প্রতিবেদক::
পবিত্র শবে বরাতে বার্মিংহামের সিরাজাম মুনিরা জামে মসজিদে রাতব্যাপী পালিত হবে ব্যাপক কর্মসূচি।
আগামী (২৪ ফেব্রুয়ারি) শনিবার দিবাগত রাত ইংল্যান্ড ও ইউরোপে পবিত্র শবে বরাত। এ উপলক্ষে ইংল্যান্ডের বৃহৎ ইসলামী মারকায বার্মিংহামের সিরাজাম মুনিরা জামে মসজিদ এন্ড এডুকেশন সেন্টার গ্রহণ করেছে রাতব্যাপী ব্যাপক কর্মসূচি।
ঐদিন বাদ যোহর স্থানীয় কবর যিয়ারতের মাধ্যমে শবে বরাতের কর্মসূচি শুরু হবে। এর পর বাদ মাগরিব থেকে ফজর পর্যন্ত ধারবাহিকভাবে রয়েছে খতমে কুরআন, আলোচনা, যিকির-আযকার, বিভিন্ন নফল নামাজ, খতমে খাজেগান, মীলাদ ও দুআ মাহফিল। পুরো কর্মুসূচিতে মুসল্লিদের সাথে উপস্থিত থেকে দুআ করবেন মসজিদের খতীব সায়্যিদ শেখ ফাদি যুবা ইবনে আলী।
মসজিদের অন্যতম পরিচালক আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ এক বিবৃতিতে বলেন, লাইলাতুন নিসফি মিন শাবান বা পবিত্র শবে বরাত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যময় এক রজনী। এ রাতে মহান আল্লাহ তাআলা তার রহমতের দরজা উন্মুক্ত করে দেন।পাপী বান্দাদের উদারচিত্তে ক্ষমা করেন, জাহান্নাম থেকে মুক্তি দেন, পরবর্তী বছরের জন্য বান্দার রিযিক, জন্ম, মৃত্যু, ভাগ্য সবকিছু নির্ধারণ করেন। এ জন্য এ রাতকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে সারারাত ইবাদাত-বন্দেগীতে অতিবাহিত করি। প্রতি বছরের ন্যায় এবারও সিরাজাম মুনিরায় রাতব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হবে। মুসল্লিদের জন্য সাহরির ব্যবস্থাও থাকবে। তিনি সিরাজাম মুনিরায় রাতব্যাপী ইবাদাতের এ কর্মসূচিতে সকলকে অংশগ্রহণের উদাত্ত আহবান জানান।







