শাহজাদপুরে ল্যান্ডফিল এলাকায় জেলা প্রশাসকের বৃক্ষরোপণ
প্রকাশিত হয়েছে : 17 September 2026, 8:29 pm

ছবি: পূর্বদিক
শাহজাদপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের মাদলা স্যানিটারি ল্যান্ডফিল এলাকায় বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষ রোপণ করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনার আলোকে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
বৃক্ষরোপণ শেষে জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, “এ জায়গাটি একসময় ময়লার ভাগাড় হিসেবে ব্যবহৃত হতো। পৌরসভার উদ্যোগে জায়গাটি পরিষ্কার-পরিচ্ছন্ন করার পর এখানে বৃক্ষরোপণ করা হচ্ছে। পরিত্যক্ত জায়গাগুলো পরিষ্কার করে সেখানে বৃক্ষরোপণের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব।”
এ সময় উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন, সহকারী কমিশনার (গোপনীয় শাখা) রুহুল আমিন, সহকারী কমিশনার (ভূমি) ফরিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, পৌর নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, হিসাবরক্ষক আনিছুর রহমান, ভাণ্ডাররক্ষক ও কনজারভেন্সি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে জেলা প্রশাসক আমিনুল ইসলাম উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
এর আগে তিনি উপজেলার খুকনী ইউনিয়নে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করেন।
পূর্বদিক/এসএ






