শ্যামনগর সীমান্তে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক, গ্রেপ্তার ১৫২
প্রকাশিত হয়েছে : 10 November 2026, 11:31 pm

ছবি: পূর্বদিক
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে দুই মাসে ৮২ কোটি ৩৫ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সাতক্ষীরার নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান যশোর রিজিয়নের পক্ষে নীলডুমুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ। তিনি জানান, গত ১ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত দুই মাসে এসব অভিযান পরিচালনা করা হয়।
তিনি বলেন, অভিযানে ৪ হাজার ৭৬২ বোতল মদ, ৩ কেজি ১৩ গ্রাম হেরোইন, ৬৪ হাজার ৩১ পিস ইয়াবা ও ৩১ হাজার ১৬ বোতল ফেনসিডিলসহ মোট ৫১ কোটি ৯৮ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য আটক করা হয়েছে।
এ ছাড়া চোরাচালানবিরোধী অভিযানে ৩০ কোটি ৩৮ লাখ টাকার বেশি মূল্যের বিভিন্ন পণ্য আটক করা হয়। আটক পণ্যের মধ্যে রয়েছে ৯ কেজি স্বর্ণ, পাঁচটি অস্ত্র ও ছয় রাউন্ড গুলি।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, যশোর রিজিয়নের আওতাধীন প্রায় ৬০০ কিলোমিটার সীমান্ত এলাকায় দুটি সেক্টরের অধীনে সাতটি ইউনিটের ১১৩টি বর্ডার আউটপোস্ট (বিওপি) রয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে প্রতিদিন ৪৫২টি টহল পরিচালনা করা হচ্ছে।
নীলডুমুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ সংরক্ষণে বিজিবি বদ্ধপরিকর। মাদক, অস্ত্র চোরাচালান ও মানবপাচার প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা বাড়ানোর পাশাপাশি নিয়মিত টহল ও বিশেষ অভিযান আরও জোরদার করা হচ্ছে।





