শ্রমিক অসন্তোষের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ খেজুরীছড়া চা বাগান
প্রকাশিত হয়েছে : 13 November 2026, 2:46 pm

ছবি: পূর্বদিক
শ্রীমঙ্গল প্রতিনিধি: শ্রমিক অসন্তোষ ও অস্থিতিশীল পরিস্থিতির কারণ দেখিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফিনলে টি কোম্পানির মালিকানাধীন খেজুরীছড়া চা বাগান ও কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার (এস্টেটস) স্বাক্ষরিত এক নোটিশে এ সিদ্ধান্ত জানানো হয়। শুক্রবার (১৩ নভেম্বর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়, ডিনস্টন ডিভিশনের অধীন খেজুরীছড়া চা বাগানের শ্রমিকেরা গত ২৭ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত বেআইনিভাবে ধর্মঘট পালন করেন। এর ধারাবাহিকতায় ১২ নভেম্বরও তাঁরা কাজে যোগ দেননি। এ ছাড়া ডিনস্টন চা কারখানা, পলিপ্যাক কারখানা এবং ডিনস্টন সেন্ট্রাল ওয়ার্কশপ ও স্টোরে কর্মরত শ্রমিকদের হুমকি দিয়ে কর্মস্থল থেকে বের করে দেওয়ার অভিযোগও করা হয়।
এ অবস্থায় বাগান পরিচালনা অসম্ভব হয়ে পড়েছে উল্লেখ করে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী কোম্পানির নির্দেশে বাগান ও কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নোটিশে জানানো হয়।
তবে পলিপ্যাক কারখানা, ডিনস্টন সেন্ট্রাল ওয়ার্কশপ ও স্টোরের সম্পত্তি রক্ষায় নিয়োজিত শ্রমিক, বাগানের নিরাপত্তাকর্মী এবং বাংলো, স্টাফ কোয়ার্টার ও মেডিকেল বিভাগে কর্মরত স্থায়ী শ্রমিকেরা এ বন্ধের আওতামুক্ত থাকবেন।
নোটিশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান, মৌলভীবাজারের জেলা প্রশাসক, পুলিশ সুপার, শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী কর্মকর্তা, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন এবং খেজুরীছড়া চা বাগান পঞ্চায়েত কমিটিসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।
এদিকে বাগান বন্ধের নেপথ্যে ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের কথা জানিয়েছেন স্থানীয় শ্রমিকেরা। তাঁদের অভিযোগ, কার্তিক মাস উপলক্ষে বাগানের সনাতন ধর্মাবলম্বী শ্রমিকেরা দীর্ঘদিন ধরে ঐতিহ্যগতভাবে নামকীর্তনের আয়োজন করে আসছেন। কিন্তু এবার বাগানের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) হুমায়ুন মজুমদার ওই আয়োজনে বাধা দেন এবং মন্দিরটি অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।
শ্রমিকদের দাবি, বংশপরম্পরায় চলে আসা ধর্মীয় আচার-অনুষ্ঠানে হস্তক্ষেপ তাঁদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। এর প্রতিবাদে ডিজিএমকে বাগান থেকে প্রত্যাহারের এক দফা দাবিতে তাঁরা আন্দোলন শুরু করেন। এ ঘটনাকে কেন্দ্র করেই বাগানে শ্রমিক অসন্তোষের সূত্রপাত হয় বলে জানান তাঁরা।
এ বিষয়ে বক্তব্য জানতে ফিনলে টি কোম্পানির সিইও তাহসিন আহমেদ চৌধুরীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সদ্য সাবেক সাধারণ সম্পাদক পঙ্কজ কন্দ বলেন, নির্বাচনী কাজে ব্যস্ত থাকায় এ বিষয়ে কোনো পক্ষের সঙ্গে কথা বলার সুযোগ হয়নি। তবে ডিভিশন বন্ধ ঘোষণার ঘটনায় তাঁরা উদ্বিগ্ন। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগ রয়েছে। বিষয়টি সমাধানে তাঁরা কাজ করবেন।





