কুলাউড়া সীমান্তে ৩ লাখ টাকার ভারতীয় তামাক উদ্ধার
প্রকাশিত হয়েছে : 13 November 2026, 2:47 pm

ছবি: পূর্বদিক
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার আলীনগর সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ৫৬৬ প্যাকেট ভারতীয় অবৈধ তামাকজাত দ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা এসব তামাকজাত দ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ১৩ হাজার ২০০ টাকা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, আলীনগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১৮৪৬/১৫-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাগলাটিলা নামক স্থানে বিজিবির একটি টহল দল বিশেষ অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১ হাজার ৫৬৬ প্যাকেট ভারতীয় অবৈধ তামাকজাত দ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ১৩ হাজার ২০০ টাকা।
উদ্ধার করা তামাকজাত দ্রব্যের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি পালিয়ে যাওয়া চোরাকারবারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে ভবিষ্যতেও বিজিবির নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।





